logo

স্যান্ডপেপার-কাণ্ডে ‘ধামাচাপার’ অভিযোগ ওয়ার্নারের

স্যান্ডপেপার-কাণ্ডে ‘ধামাচাপার’ অভিযোগ ওয়ার্নারের
ডেভিড ওয়ার্নার। ছবি: এএপি

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিতর্ক থামছেই না। উসমান খাজার আত্মজীবনী ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার সরাসরি ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ তুললেন ডেভিড ওয়ার্নার।

তার দাবি, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের তদন্তে দলের তিন গুরুত্বপূর্ণ বোলারের সাক্ষাৎকারই নেওয়া হয়নি। শুরু থেকেই নির্দিষ্ট কয়েকজনকে দায়ী করার উদ্দেশ্যে তদন্ত চালানো হয়েছিল বলেও সন্দেহ প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার।

শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নতুন এই অভিযোগ তোলেন ওয়ার্নার। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নের বক্তব্য না নিয়েই কীভাবে তাদের বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অজ্ঞ বলে ধরে নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া?

ওয়ার্নার লেখেন, ‘যত দূর জানি, ২০১৮ সালের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি। সেটি যদি সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না, এমন দাবি ক্রিকেট অস্ট্রেলিয়া কীভাবে করে?’

এখানেই থামেননি তিনি। তদন্তের উদ্দেশ্য নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন।

সাবেক এই ওপেনারের ভাষায়, ‘দেখে মনে হচ্ছে, শুরু থেকেই তারা ঠিক করে রেখেছিল কাদের দায়ী করবে। সেই উদ্দেশ্য পূরণে ত্রুটিপূর্ণ তদন্ত চালিয়েছে। আর এখন বোলাররা কিছুই জানতেন না, এমন ভুল বক্তব্য প্রতিষ্ঠিত রাখতে চাইছে। পুরো বিষয়টিতে ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।’

তবে তিন বোলারের সাক্ষাৎকার না নেওয়ার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ওয়ার্নারও নিজের জানার ভিত্তিতে অভিযোগটি করেছেন।

এদিকে এই অভিযোগের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তের সময় সব ক্রিকেটারকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাষ্য, ‘আমরা আগেও জানিয়েছি, প্রাথমিক তদন্তের সময় সব ক্রিকেটারকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর গত আট বছরেও নতুন কোনো তথ্য সামনে আনার সুযোগ তাদের ছিল।’

একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, প্রত্যেক বর্তমান ও সাবেক ক্রিকেটারের নিজের অভিজ্ঞতা প্রকাশের অধিকারকে তারা সম্মান করে।

তবে হ্যাজলউড, স্টার্ক ও লায়নের আনুষ্ঠানিক সাক্ষাৎকার আদৌ নেওয়া হয়েছিল কি না, সেই নির্দিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ওয়ার্নারের নতুন অভিযোগের গুরুত্বপূর্ণ একটি অংশ এখনো অমীমাংসিত।

নতুন এই বিতর্কের ঠিক আগের দিনই সিডনিতে প্রায় ৭০ মিনিটের সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

শুক্রবার (১৩ নভেম্বর) খাজার আত্মজীবনীতে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, ২০১৮ সালে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।

খাজার বক্তব্যকে ‘শতভাগ ভুল’ উল্লেখ করে কামিন্স বলেন, তিনি এবং দলের অন্য ক্রিকেটাররা মিলে বল বিকৃতির পরিকল্পনা করেছিলেন বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন।

কিন্তু কামিন্সের এই বক্তব্যের পরই তার সমালোচনা করেন ওয়ার্নার। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে চলাকালে সম্প্রচারমাধ্যমে তিনি জানান, খাজা নিজের বইয়ে যা লিখেছেন, তার পাশেই রয়েছেন তিনি।

একই সঙ্গে কামিন্সের বিরুদ্ধে খাজাকে বিপদে ফেলার অভিযোগও তোলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘আমার মনে হয়েছে, অধিনায়ক আজ খাজাকে বিপদে ফেলে দিয়েছেন। এতে আমি খুবই হতাশ।’

শুধু খাজার প্রতি সমর্থন নয়, নিজের এবং শাস্তি পাওয়া অন্য দুই ক্রিকেটারের পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন ওয়ার্নার।

তার দাবি, ২০১৮ সালের তদন্ত তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল। তদন্তের সময় এমনভাবে কিছু প্রশ্ন করা হয়েছিল, যার ফলে শাস্তি মেনে নেওয়া ছাড়া তাদের সামনে কার্যত অন্য কোনো পথ ছিল না।

ওয়ার্নার বলেন, ‘আমাদের তিনজনকেই এর বড় মূল্য দিতে হয়েছে। গত আট বছর ধরে সেই পরিণতি বয়ে বেড়াচ্ছি। তদন্ত যেভাবে পরিচালিত হয়েছিল, তাতে পরে ফিরে গিয়ে আরও তথ্য দেওয়াও কঠিন ছিল।’

এর আগে গত সোমবারও ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছিলেন ওয়ার্নার। বিশেষ করে ঘটনার সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে থাকা খাজার সাক্ষাৎকার না নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

অন্যদিকে মিচেল স্টার্ক চলতি সপ্তাহেই জানিয়েছেন, ২০১৮ সালের ঘটনা নিয়ে তার অবস্থান বদলায়নি।

২০২১ সালে কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ও লায়ন যৌথ বিবৃতিতে দাবি করেছিলেন, কেপটাউন টেস্টে বল বিকৃতির উদ্দেশ্যে স্যান্ডপেপারের মতো কোনো বাইরের বস্তু মাঠে নেওয়ার বিষয়টি তারা জানতেন না। টেলিভিশনের বড় পর্দায় দৃশ্যটি দেখার পরই তারা বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছিলেন।

তবে খাজার দাবি, শুধু শাস্তি পাওয়া তিনজন নন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের আরও অনেকে অবগত ছিলেন।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী 'সবর'-এ তিনি অভিযোগ করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউনের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।

২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির চেষ্টা করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। পরবর্তী তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট