৮ বছর পর স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটের। উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা বিস্ফোরক তথ্য, ডেভিড ওয়ার্নারের ‘ধামাচাপা’ দেওয়ার অভিযোগ এবং প্যাট কামিন্সের পাল্টা বক্তব্যে নতুন করে উত্তাল ক্রিকেটাঙ্গন। এবার সেই বিতর্কের মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফদের বক্তব্য নতুন করে শুনতে স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বুধবার (১৮ নভেম্বর) হোবার্টে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তাদের আশা, স্বাধীন ফোরামের মাধ্যমে সংশ্লিষ্ট সবাই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন। এতে দীর্ঘদিনের বিতর্ক ও বিভক্তি কাটিয়ে ওঠার পথ তৈরি হতে পারে।
তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করেছেন গ্রিনবার্গ। এটি ২০১৮ সালের বল বিকৃতির ঘটনার নতুন তদন্ত নয়। অতীতের তদন্ত আবার চালু করা কিংবা কাউকে নতুন করে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেও এই উদ্যোগ নেওয়া হয়নি।
গ্রিনবার্গ বলেন, ‘গত এক সপ্তাহে ২০১৮ সালে কেপটাউনে কী ঘটেছিল, তা নিয়ে আমরা বেশ কয়েকটি ভিন্ন ও পরস্পরবিরোধী বিবরণ শুনেছি। পুরো বিষয়টি ক্রিকেট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত কঠিন ও অস্বস্তিকর হয়ে উঠেছে।’
তার মতে, এই পরিস্থিতি থেকে বের হতে হলে সংশ্লিষ্টদের কথা শোনা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা একটি স্বাধীন ফোরাম গঠন করছি, যেখানে সবাই নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। এটি নতুন তদন্ত নয়, কাউকে বিচারের মুখোমুখি করা কিংবা শাস্তি দেওয়ার ব্যবস্থাও নয়। অংশ নিতে কাউকে বাধ্য করা হবে না।’
ফোরামে অংশ নেওয়া সম্পূর্ণ স্বেচ্ছামূলক। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা চাইলে সেখানে নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন। স্বাধীন কোনো জ্যেষ্ঠ আইনজীবী কিংবা সাবেক বিচারকের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
প্রায় এক মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সেখানে দেওয়া বক্তব্য গোপন রাখা হবে। শেষ পর্যন্ত কোন তথ্য প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদের হাতে।
গ্রিনবার্গ জানিয়েছেন, তারা যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রাখতে চান। তবে একই সঙ্গে বক্তব্য দেওয়া ব্যক্তিদের গোপনীয়তাও রক্ষা করতে হবে।
পুরোনো কেলেঙ্কারি নতুন করে সামনে এসেছে উসমান খাজার আত্মজীবনী 'সবর' প্রকাশের পর। বইটিতে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার দাবি করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু তিন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পুরো দলই এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং বিষয়টি সম্পর্কে জানত।
শুধু কেপটাউন টেস্ট নয়, তার আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ করেছেন খাজা। তার দাবি, বল বিকৃতির ঘটনায় তিন ক্রিকেটারকে এককভাবে দায়ী না করে পুরো দলেরই দায়িত্ব নেওয়া উচিত ছিল।
খাজার বক্তব্যকে সমর্থন করেছেন ডেভিড ওয়ার্নার ও সাবেক পেসার চ্যাড সেয়ার্স। এমনকি ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের গ্রহণযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন ওয়ার্নার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্নারের দাবি, তার জানা মতে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সাক্ষাৎকারই নেননি তদন্তকারীরা। পুরো তদন্তকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, শুরু থেকেই কয়েকজন ক্রিকেটারকে দায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ করেন ওয়ার্নার। তবে তার এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।
অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গ্রিনবার্গ জানিয়েছেন, ২০১৮ সালের তদন্তে কেপটাউন টেস্টে খেলা ১১ ক্রিকেটারের মধ্যে আটজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। কয়েকজন সাপোর্ট স্টাফের বক্তব্যও শুনেছিলেন তদন্তকারীরা। তবে যারা তখন কথা বলার সুযোগ পাননি কিংবা নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেননি, তাদের জন্যই এবার নতুন সুযোগ তৈরি করা হচ্ছে।
খাজা ও ওয়ার্নারের বক্তব্যের বিপরীতে নিজেদের অবস্থানে অনড় বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক। তাদের দাবি, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।
কামিন্স সম্প্রতি সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘খাজা যদি বোঝাতে চান যে আমরা সবাই জানতাম স্যান্ডপেপার মাঠে নেওয়া হচ্ছে, তাহলে তিনি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’
কামিন্সের পাশাপাশি স্টার্ক, হ্যাজলউড ও নাথান লায়নও ২০২১ সালে যৌথ বিবৃতিতে একই অবস্থান জানিয়েছিলেন। ফলে কেপটাউন টেস্টে ঠিক কতজন ক্রিকেটার বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত।
স্বাধীন ফোরাম গঠনের সিদ্ধান্ত অবশ্য পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি খাজা ও ওয়ার্নারকে। বুধবার ঘোষণার পর ফক্স ক্রিকেটে প্রতিক্রিয়া জানিয়ে খাজা উদ্যোগটিকে স্বাগত জানালেও এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন।
তার প্রশ্ন, শেষ পর্যন্ত কোন তথ্য প্রকাশ করা হবে, সেটি যদি ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডই নির্ধারণ করে, তাহলে সাধারণ মানুষ পুরো ঘটনা জানবে কীভাবে?
খাজা বলেন, ‘এই প্রতিবেদনে কী থাকবে আর কী থাকবে না, তা যদি বোর্ড নিজেরাই বেছে নিতে পারে, তাহলে আমরা কি আবার একই জায়গায় ফিরে যাচ্ছি না?’
ওয়ার্নারও একই ধরনের উদ্বেগ জানিয়েছেন। তার মতে, গোপন ফোরামের পরিবর্তে সবার সামনে স্বাধীন তদন্ত হওয়া উচিত ছিল। এতে সংশ্লিষ্ট সবাই প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারতেন।
ওয়ার্নার বলেন, ‘আমি একটি উন্মুক্ত ও স্বাধীন তদন্ত দেখতে চাইতাম, যেখানে সেই সময়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা সামনে এসে কথা বলতে পারতেন। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার বন্ধ দরজার আড়ালে কী ঘটেছে, তা আমরা জানি না।’
তবে নতুন করে কাউকে শাস্তি দেওয়ার পক্ষে নন খাজা কিংবা ওয়ার্নার। তাদের মতে, অতীতের ঘটনায় যথেষ্ট মূল্য দিতে হয়েছে সংশ্লিষ্টদের। এখন প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি ও প্রকৃত ঘটনা জানার সুযোগ।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন মনে করেন, পুরোনো ঘটনার কারণে দীর্ঘদিনের বিভক্তি দূর করাই এখন সবচেয়ে জরুরি।
বুন বলেন, ‘প্রায় এক দশক ধরে এই ঘটনার প্রভাব অস্ট্রেলিয়ান ক্রিকেটের আলোচনায় রয়ে গেছে। অনেকের জন্য এটি কঠিন একটি অধ্যায়। ক্রমাগত বিতর্ক এখন ক্রিকেটের মূল বিষয়গুলো থেকেও মনোযোগ সরিয়ে নিচ্ছে। আমাদের মনে হয়েছে, এই পরিস্থিতি থেকে বের হওয়ার সময় এসেছে।’
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির চেষ্টা করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা।
সেই ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের দলীয় সংস্কৃতি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। বিশেষ করে যেকোনো মূল্যে জেতার মানসিকতা পরিবর্তনের উদ্যোগ নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
গ্রিনবার্গও স্বীকার করেছেন, সেই সময়ের দলীয় সংস্কৃতি তৈরিতে বোর্ডের দায় ছিল। তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে দলীয় সংস্কৃতি নিয়ে করা পর্যালোচনার ৪২টি সুপারিশের মধ্যে ৩৬টি বাস্তবায়ন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তবে আট বছর পরও স্যান্ডপেপার কেলেঙ্কারির বিতর্কের শেষ কোথায়, সেই প্রশ্নের উত্তর মেলেনি। নতুন ফোরামে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা কতটা খোলামেলাভাবে কথা বলবেন, আর তাঁদের বক্তব্যের কতটুকু প্রকাশ করা হবে, সেটিই এখন দেখার বিষয়।







