logo

বিসিবির সভাপতিত্ব হারানোর সাত মাস পর নতুন দায়িত্বে বুলবুল

বিসিবির সভাপতিত্ব হারানোর সাত মাস পর নতুন দায়িত্বে বুলবুল
সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারানোর সাত মাস পর নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তানের দলটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুলকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং কোচিং পদ্ধতি নিয়ে পরামর্শ দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের পেশাদার ক্রিকেটে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতেও ভূমিকা রাখবেন তিনি। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তার অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে লাহোর কালান্দার্স।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা তাদের উন্নয়ন কার্যক্রমে সহায়ক হবে। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের প্রসারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চায় পিএসএলের দলটি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। ২০২৫ সালের ৩০ মে প্রথমবার বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর গত বছরের অক্টোবরে নির্বাচিত বোর্ডেরও সভাপতি হন তিনি। তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয় অ্যাডহক কমিটি। যদিও সেই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আমিনুল।

ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে অবশ্য তার অভিজ্ঞতা আরও পুরোনো। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমিনুলের। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। সেটিই ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।

অন্যদিকে, পিএসএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ২০২২ ও ২০২৩ সালে টানা দুবার এবং ২০২৫ সালে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে দলটি। খেলোয়াড় তৈরির নিজস্ব কর্মসূচি ও হাই পারফরম্যান্স সেন্টারের জন্যও পরিচিত ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহও রয়েছে তাদের। গত অক্টোবরে লাহোর কালান্দার্সের সহমালিক সামিন রানা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সুযোগ পেলে বিপিএলে দল কেনা কিংবা বাংলাদেশের ক্রিকেটে অন্য কোনো উন্নয়নমূলক উদ্যোগে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এবার আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পথে আরেকটি পদক্ষেপ নিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট