logo

‘এই টেস্ট জেতা উচিত ছিল’, সিরিজ হেরে শান্তর আক্ষেপ

‘এই টেস্ট জেতা উচিত ছিল’, সিরিজ হেরে শান্তর আক্ষেপ
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুরোনো ছবি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু মিরপুরে আট উইকেটের হার, এরপর সিলেটে ড্র। দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে সিরিজ হেরে হতাশ নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই দলের ব্যর্থতার কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। শুধু পরিকল্পনা বাস্তবায়নেই নয়, মাঠে ক্রিকেটারদের উদ্যমের ঘাটতিও দেখেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন শান্ত। তার মতে, প্রস্তুতি অনুযায়ী এই ম্যাচে বাংলাদেশের জেতার কথা ছিল। কিন্তু প্রথম ইনিংসে তাওহিদ হৃদয় ছাড়া অন্য ব্যাটাররা প্রত্যাশিত অবদান রাখতে পারেননি।

শান্ত বলেন, ‘সত্যি বলতে খুবই হতাশাজনক। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তাতে এই টেস্ট আমাদের জেতা উচিত ছিল। কিন্তু প্রথম ইনিংসে হৃদয় ছাড়া আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয়, সেটিই আমাদের এই ম্যাচে ক্ষতি করেছে।’

শুধু সিলেট নয়, পুরো সিরিজের পারফরম্যান্স নিয়েই অসন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে উন্নতি করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দল।

শান্তর ভাষায়, ‘পুরো সিরিজটাই খুব হতাশাজনক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই আমরা পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। এমনকি মাঠে আমাদের যথেষ্ট উদ্যমও ছিল না।’

ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবের কথাও স্বীকার করেছেন শান্ত। কয়েকজন ব্যক্তিগতভাবে বড় ইনিংস খেললেও দল হিসেবে বড় সংগ্রহ গড়তে না পারার আক্ষেপ তার। ঘরের কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা নিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করেও মাঠে তার প্রতিফলন ঘটাতে পারেনি বাংলাদেশ।

বিশেষ করে বোলিং বিভাগের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক। দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান একাই নিয়েছেন ১৬ উইকেট। বিপরীতে বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে পেয়েছেন সমানসংখ্যক উইকেট।

তবে পেসারদের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন শান্ত। সিলেটে প্রথম ইনিংসে হাসান মাহমুদের ছয় উইকেটসহ পেস আক্রমণের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।

শান্ত বলেন, ‘এই কন্ডিশনে পেসাররা সত্যিই ভালো বোলিং করেছে। সেটি ছিল খুবই ইতিবাচক।’

একই সঙ্গে হৃদয়ের ব্যাটিংয়েও স্বস্তি পেয়েছেন অধিনায়ক। সিলেটে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রান করা এই ব্যাটারকে নিয়ে ভবিষ্যতের আশাও দেখছেন তিনি।

আগামী ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। শান্ত স্বীকার করেছেন, সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তবে সাম্প্রতিক ব্যর্থতার পরও দলের উন্নতির ব্যাপারে বিশ্বাস হারাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট