দর্শকখরায় হতাশ রাবাদা, ল্যাপটপ নিয়েই মাঠে আসার আহ্বান

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন কাগিসো রাবাদা। আট উইকেট নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারসেরা ৭২ রান করে হয়েছেন ম্যাচসেরা। তবে দলের দাপুটে জয়ের পরও একটি আক্ষেপ রয়ে গেছে প্রোটিয়া পেসারের। পাঁচ দিনের টেস্টে গ্যালারিতে দর্শক ছিল হাতে গোনা। তাই সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেটপ্রেমীদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি কাজের ব্যস্ততা থাকলে ল্যাপটপ ও পাওয়ার ব্যাংক নিয়েই স্টেডিয়ামে আসার পরামর্শ দিয়েছেন রাবাদা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বাংলাদেশকে ৯ উইকেটে হারানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাবাদা। সেখানে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে দর্শক উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
প্রায় ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনে সব মিলিয়ে খেলা দেখতে এসেছিলেন মাত্র ২৩ হাজার ৫০০ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে দর্শকসংখ্যা ছিল ৪ হাজার ৭০০। এমন ফাঁকা গ্যালারিতে আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে নিজেদের উজ্জীবিত রাখা কঠিন হয়ে পড়েছিল বলে জানান রাবাদা।
তিনি বলেন, ‘দর্শক থাকলে মাঠে অন্যরকম একটা আবহ তৈরি হয়। কিন্তু এই টেস্টে প্রতিদিন মাঠে নামার সময় মনে হচ্ছিল যেন ঘরোয়া চার দিনের ম্যাচ খেলছি। আমরা জানতাম, অনেক কিছু ঝুঁকিতে আছে। তাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে সত্যি বলতে, নিজেদের উদ্দীপনা ধরে রাখা খুব কঠিন ছিল।’
তবে এই পরিস্থিতির জন্য বাংলাদেশকে দায়ী করছেন না রাবাদা। তার মতে, টানা ক্রিকেট খেলার ক্লান্তিও প্রভাব ফেলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশের সঙ্গেও পাঁচ দিন মাঠে থাকতে হয়েছে তাঁদের।
বাংলাদেশের প্রথম ইনিংসে প্রায় আট ঘণ্টা মাঠে ছিলেন রাবাদা। এরপর দুই ঘণ্টার বেশি সময় ব্যাটিং করেছেন। আবার দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেছেন প্রায় সাড়ে চার ঘণ্টা। সব মিলিয়ে ম্যাচের ২২ ঘণ্টার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ সময়ই মাঠে কাটিয়েছেন তিনি।
এমন ব্যস্ত সূচিতে গ্যালারির সমর্থন ক্রিকেটারদের বাড়তি শক্তি জোগাতে পারে বলে মনে করেন এই পেসার।
আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে কত দর্শক আশা করছেন, এমন প্রশ্নে রাবাদা বলেন, ‘সত্যি জানতে চান? আমার মনে হয়, ওয়ান্ডারার্সে যা দেখেছি, এখানেও তেমনই হবে। জানি, এখন মানুষ কাজে ব্যস্ত। সবাই বছরের শেষের বোনাস পাচ্ছে। এরপর গ্রীষ্মের মৌসুম এলে হয়তো গ্যালারি ভরে উঠবে।’
এরপরই কিছুটা রসিকতার সুরে অভিনব পরামর্শ দেন রাবাদা, ‘তবে অনেকে তো স্টেডিয়ামে বসেই কাজ করছেন। তাই আপনারাও ল্যাপটপ নিয়ে মাঠে আসুন। সঙ্গে পাওয়ার ব্যাংকও আনবেন।’
শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই নয়, চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। গত মাসে কেপটাউনের নিউল্যান্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম দিনে প্রায় ১২ হাজার দর্শক এলেও পরের দিনগুলোতে সেই সংখ্যা কমে যায়।
অথচ মাঠে পারফরম্যান্সের দিক থেকে দারুণ সময় কাটাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট জিতে নতুন চক্রের পয়েন্ট তালিকাতেও শীর্ষে উঠে এসেছে।
সেই জয়ে বড় অবদান ছিল রাবাদার। বাংলাদেশের প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৯৩ বলে ৭২ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও ৪৮ রানে ৩ উইকেট তুলে নেন। সব মিলিয়ে আট উইকেটের সঙ্গে ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।
বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার সেঞ্চুরিয়নে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য তাদের। তবে রাবাদার প্রত্যাশা, সেই লড়াইয়ে যেন গ্যালারি থেকেও পর্যাপ্ত সমর্থন পান ক্রিকেটাররা।







-a1429d-720x405.webp)