পাঁচ উইকেট নিয়েও রাবাদার আক্ষেপ, প্রশংসায় ভাসালেন হৃদয়কে

ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার পর একাই তুলে নিয়েছেন বাংলাদেশের প্রথম পাঁচ উইকেট। কাগিসো রাবাদার তোপে ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে তখন বড় বিপদের মুখে বাংলাদেশ। কিন্তু সেখান থেকে তাওহিদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটিতে বদলে যায় ম্যাচের চিত্র। এমন প্রতিরোধ যে দক্ষিণ আফ্রিকার কল্পনাতেও ছিল না, সেটিই স্বীকার করেছেন রাবাদা। বিশেষ করে হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে কুর্নিশ জানিয়েছেন প্রোটিয়া পেসার।
রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করেন রাবাদা। মাত্র ১২১ রানে পাঁচ উইকেট হারানোর পর হৃদয় ও লিটন যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, সেটি তার কাছে ছিল অপ্রত্যাশিত।
রাবাদা বলেন, ‘ওদের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ১৩০ রানের আশপাশে। সেখান থেকে ২০০ রানের জুটি গড়েছে। সত্যি বলতে, এমন কিছু হবে বলে আশা করিনি। আমার মনে হয় না কেউই আশা করেছিল। ওরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য।’
১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলা হৃদয়ের প্রশংসা করতে গিয়ে রাবাদা আরও বলেন, ‘হৃদয় সত্যিই খুব ভালো খেলেছে। আমরা ওর বিপক্ষে সবকিছুই চেষ্টা করেছি। তাই ওকে টুপি খুলে কুর্নিশ জানাতে হয়।’
তবে নিজের পাঁচ উইকেটের সাফল্যের মধ্যেও দলের বোলিং নিয়ে আক্ষেপ রয়েছে রাবাদার। বিশেষ করে পুরোনো বলে দক্ষিণ আফ্রিকার বোলাররা পরিকল্পনা অনুযায়ী চাপ তৈরি করতে পারেননি বলে মনে করেন তিনি।
ওয়ান্ডারার্সের উইকেটে নতুন বল যথেষ্ট কার্যকর হলেও বল পুরোনো হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে স্বাগতিকরা।
রাবাদার মতে, এই মাঠে লেংথে সামান্য ভুল করলেও ব্যাটাররা সেটির সুযোগ নিতে পারেন। ফলে শুধু ভালো বল করাই যথেষ্ট নয়, অন্য প্রান্ত থেকেও ধারাবাহিক চাপ তৈরি করতে হয়। কিন্তু সেটি করতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা।
তিনি বলেন, ‘নতুন বল আমরা ভালোভাবে কাজে লাগিয়েছি। কিন্তু পুরোনো বলে হয়তো আরও ভালো করতে পারতাম। আমরা যেভাবে জুটি বেঁধে বোলিং করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। বিশেষ করে পুরোনো বলে যথেষ্ট ডট বল কিংবা উইকেট নেওয়ার মতো ডেলিভারি করতে পারিনি।’
ওয়ান্ডারার্সের উইকেট নিয়ে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম জানিয়েছিলেন, প্রথম সেশনে পিচে কিছুটা অস্বাভাবিক বাউন্স থাকলেও পরে ব্যাটিং তুলনামূলক সহজ হয়েছে। তবে রাবাদার পর্যবেক্ষণ কিছুটা আলাদা।
তার মতে, দিনের পুরো সময় পিচের আচরণ খুব বেশি বদলায়নি। বরং বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটাররা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন।
রাবাদা বলেন, ‘আমার মনে হয় না পিচ খুব বেশি বদলেছে। এখানে ভালো রানরেটে রান তোলা যায়, কারণ বল ব্যাটে ভালোভাবে আসে। ওরা দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং করেছে। ওদের আউট করতে আমাদের সত্যিই অনেক পরিশ্রম করতে হয়েছে।’
হৃদয় ও লিটনের বিপক্ষে শর্ট বলও প্রত্যাশামতো কাজে আসেনি। রাবাদা ব্যাখ্যা করেন, সাধারণত ওয়ান্ডারার্সে শর্ট বল যে গতিতে ব্যাটারের কাছে পৌঁছায়, এদিন সেটি হয়নি। ফলে অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার পাশাপাশি শরীর বরাবর আসা বলও ভালোভাবে সামলাতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা।
অভিজ্ঞ এই পেসারের মতে, বাংলাদেশের ব্যাটাররা পরিস্থিতি বুঝে নিজেদের শট নির্বাচন করেছেন। উইকেটের দুই পাশেই রান তুলে দক্ষিণ আফ্রিকার বোলারদের চাপে ফেলেছেন তাঁরা।
ম্যাচের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে আউট করার মুহূর্ত নিয়েও কথা বলেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার হয়ে নতুন বল হাতে দৌড় শুরুর সময় তার মাথায় কী চলছিল, সেটিও জানিয়েছেন।
রাবাদার ভাষায়, ‘দৌড়ে আসার সময় নিজেকে বলছিলাম, শর্ট আর ওয়াইড নয়, শর্ট আর ওয়াইড নয়। এরপর বলটা অফ স্টাম্পের ওপরের দিকে সঠিক জায়গায় পড়ল, ব্যাটের কানায় লাগল।’
সেই বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দেন রবিন। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে মাত্র ২২ রানে বাংলাদেশের তিন উইকেট তুলে নেন রাবাদা।
তানজিদ হাসান তামিম ও হৃদয়ের ৯৯ রানের জুটি ভেঙেও দেন তিনি। পরপর দুই বলে তামিম ও মুশফিকুর রহিমকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ১৮তমবারের মতো পাঁচ উইকেট পূর্ণ করেন এই পেসার।
কিন্তু এরপর আর কোনো উইকেট পাননি। উল্টো হৃদয়-লিটনের ব্যাটিংয়ে টানা প্রায় ৫০ ওভার উইকেটশূন্য থাকে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে এমন পরিস্থিতির সঙ্গে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টের মিল খুঁজে পেয়েছেন রাবাদা।
গত অক্টোবরে ডারবানে সেই টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১২৪ রানে ৬ উইকেটে নামিয়ে এনেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩৯০ রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ একাই খেলেছিলেন ১৯০ রানের ইনিংস। শেষ পর্যন্ত ম্যাচটি ২১৪ রানে জিতেছিল সফরকারীরা।
বাংলাদেশের বিপক্ষেও প্রায় একই অভিজ্ঞতা হয়েছে প্রোটিয়াদের। পাঁচ উইকেট তুলে নেওয়ার পরও দুই শ রানের জুটি ভাঙতে না পারার কারণ খুঁজতে চান রাবাদা।
তিনি বলেন, ‘কেন এমন ঘটনা বারবার ঘটছে, সেটা আমাদের আরও গভীরভাবে দেখতে হবে। এই উইকেট আমাদের বোলিংয়ের ধরনের জন্য যথেষ্ট উপযোগী। তবে কন্ডিশন পুরোপুরি অনুকূলে না থাকলেও মানিয়ে নিতে হবে। বিশেষ করে পুরোনো বলে কী করতে হবে, সেটি নিয়ে কাজ করতে হবে। আমাদের আরও নির্দয় হতে হবে।’
তবে বাংলাদেশের ব্যাটারদের সাফল্যকে শুধু দক্ষিণ আফ্রিকার বোলিং ব্যর্থতা হিসেবে দেখতে চান না রাবাদা। প্রতিপক্ষের লড়াইয়ের মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের উন্নতি নিয়ে তার বক্তব্য, খুব গভীরভাবে অনুসরণ না করলেও সাম্প্রতিক পারফরম্যান্স তাদের পরিশ্রমের প্রমাণ দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের এমন পাল্টা চ্যালেঞ্জ খেলাটিরই সৌন্দর্য বলে মনে করেন তিনি।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। হৃদয় ২২৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১৩৭ রান করে দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের শিকার হয়েছেন। অন্য প্রান্তে ৯২ রানে অপরাজিত আছেন লিটন দাস। রাবাদা ১৭ ওভারে ৫১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

-515ca0.webp)
