এশিয়ান গেমস পেরিয়ে অলিম্পিকের স্বপ্ন লিটনের

এশিয়ান গেমসের মঞ্চ পেরিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন লিটন দাস। বাংলাদেশের অধিনায়কের চোখ অলিম্পিকেও। তবে এখনই সেই লক্ষ্য নিয়ে বেশি দূর ভাবতে চান না তিনি। তার কাছে অলিম্পিকের পথে প্রথম কাজ, সামনে থাকা এশিয়ান গেমসে ভালো করা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অলিম্পিকে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে লিটন বলেন, ‘ফার্স্ট অব অল আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি, আমার মনে হয় আল্টিমেট জায়গা ওখানে আমরা পৌঁছে যাব।’
তাই আপাতত পুরো মনোযোগ এশিয়ান গেমসেই রাখতে চান বাংলাদেশ অধিনায়ক। সেখানে তার দলের বড় লক্ষ্য ফাইনালে ওঠা। ফাইনাল নিশ্চিত করতে পারলে সোনার পদকের সুযোগও তৈরি হবে বলে মনে করেন তিনি।
লিটনের ভাষায়, ‘ফোকাস হচ্ছে যে এই ইভেন্টটা আমরা কিভাবে ভালো খেলতে পারি এবং যে জিনিসটা বললাম, আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।’
বড় লক্ষ্য থাকলেও টুর্নামেন্টে এক ম্যাচ করে এগোতে চান লিটন। তিনি বলেন, ‘ক্রিকেটের যে জিনিসটা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব এবং বিগার টার্গেট হচ্ছে এইটাই।’
অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে বড় অর্জন হিসেবেই দেখছেন লিটন। সেই সম্ভাবনা বাস্তব হলে দেশের ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাও উপকৃত হতে পারে বলে মনে করেন তিনি।
‘দেশের জন্য কোনো কিছু করতে পারা তো অনেক বড় একটা বিষয়। আর সেটা যদি স্পোর্টসের মাধ্যমে হয়... আমাদের এই ইভেন্টে আপাতত ফোকাস আছে। আমরা যদি ভালো কিছু করি, অলিম্পিক যেতে পারি, তাহলে বাংলাদেশের অন্যান্য স্পোর্টসগুলো এখান থেকে সুবিধা পাবে।’
তবে এসব হিসাবের আগে লিটনের ভাবনায় এখন একটাই বিষয়, এশিয়ান গেমসে নিজেদের কাজটা ঠিকভাবে করা। ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে পারলেই পরের বড় স্বপ্নের দিকে তাকাতে চান বাংলাদেশ অধিনায়ক।
