বিদায়ের ঘোষণা দিয়ে মুশফিকের আবেগঘন বার্তা

আর মাত্র একটি ম্যাচ। এরপর বাংলাদেশের জার্সিতে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে না মুশফিকুর রহিমকে। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে অভিজ্ঞ এই ব্যাটারের মনে ভিড় করছে অসংখ্য স্মৃতি। তবে সবকিছু ছাপিয়ে তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে মিরপুরের গ্যালারি থেকে ভেসে আসা ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানান, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে আবেগঘন বার্তা দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
মুশফিক লিখেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
দীর্ঘ ক্যারিয়ারে কত উত্থান-পতনের মধ্য দিয়েই না গিয়েছেন মুশফিক! সাফল্যের আনন্দের পাশাপাশি সঙ্গী হয়েছে ব্যর্থতার হতাশাও। বিদায়ের প্রাক্কালে অবশ্য ভালোবাসার স্মৃতিগুলোকেই সামনে এনেছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।
মুশফিক লিখেছেন, ‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া “মুশফিক, মুশফিক” ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
ক্রিকেটের বাইরেও জীবনের মূল্যবোধ নিয়ে বার্তা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। স্বপ্ন পূরণের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
এদিকে মুশফিকের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান উদ্যাপনের আহ্বানও জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। এখন পর্যন্ত ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটিসহ করেছেন ৭ হাজার ৬২ রান। ম্যাচ, রান ও সেঞ্চুরি, তিনটি ক্ষেত্রেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবার ওপরে তিনি।
ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে তার বর্ণাঢ্য পথচলা। তবে এবার বিদায়ের মঞ্চ সেই মিরপুর, যে মাঠের গ্যালারি থেকে ভেসে আসা ভালোবাসার ধ্বনি আজীবন হৃদয়ে ধারণ করতে চান মুশফিক।



