logo

শাস্তি পেলেন ইবাদত, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা

শাস্তি পেলেন ইবাদত, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা
এবাদত হোসেন। ছবি: গেটি ইমেজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে এমনিতেই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ। এর মধ্যে নতুন দুঃসংবাদ পেলেন দলের পেসার ইবাদত হোসেন। প্রতিপক্ষের ব্যাটারের দিকে বিপজ্জনকভাবে বল ছোড়ার কারণে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবাদতের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে চলমান প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটে।

Advertisement

আইসিসির বিবরণ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাটার তখন নিরাপদেই নিজের ক্রিজে ফিরে গিয়েছিলেন। এরপরও তার দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারেন ইবাদত। বিষয়টি খেলোয়াড়দের আচরণবিধির পরিপন্থী বলে বিবেচনা করেন ম্যাচ কর্মকর্তারা।

এই ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৯ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন বাংলাদেশি পেসার। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে কিংবা তার আশপাশে অনুপযুক্ত অথবা বিপজ্জনকভাবে বল বা অন্য কোনো ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারা এই ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

ইবাদতের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গুমা।

অভিযোগ পর্যালোচনা করে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ইবাদত অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আর্থিক জরিমানার পাশাপাশি ইবাদতের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটিই তার প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ফলে এখনই নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না তাকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। ২৪ মাসে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমলে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়।

এদিকে জোহানেসবার্গ টেস্টেও বিপদে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১০০ রান তুলেছে সফরকারীরা। এখনো ৫৭ রানে পিছিয়ে থাকায় শেষ দিনে ইনিংস হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট