২০২৮ বিশ্বকাপ অনেক দূরে, এখনই খেলোয়াড় গড়ে তোলার সময়: লিটন দাস

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের ভাবনায় শুধু এই সিরিজ নয়, আছে সামনের বড় লক্ষ্যও। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক দূরে হলেও এখন থেকেই খেলোয়াড় তৈরি করার সুযোগ দেখছেন তিনি।
চট্টগ্রামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘বিশ্বকাপ অনেক দেরি। এখনও যথেষ্ট সময় আছে খেলোয়াড়দের গ্রো করার জন্য। ম্যাচ খেলানোর ভালো সুযোগ এখন।’
নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানকে এই সিরিজে না পাওয়ার বিষয়টিও বড় করে দেখছেন লিটন। তবে তিনি এটিকে শুধু ঘাটতি হিসেবে নয়, অন্যদের সুযোগ হিসেবে দেখছেন। তার কথায়, ‘দুইজন নেই, তারা বাংলাদেশের জন্য বড়। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে ইনজুরিতে পড়ে শেষ হয়ে যাক। সামনে ওয়ানডে আছে, টেস্টও আছে। তাই কিছু কিছু জায়গায় পরিবর্তন শুরু করেছি।’
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপণ মন্ডল এবার টাইগারদের নতুন মুখ । তাদের নিয়ে লিটনের আশা, ম্যাচ খেলার অভিজ্ঞতাই তাদের পরিণত করবে। ‘দেশের হয়ে একটা ম্যাচ খেলাও অনেক আত্মবিশ্বাস দেয়। যারা সুযোগ পাবে, তারা ধীরে ধীরে ডেভেলপ করবে,’ বলেন তিনি।
তবে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ম্যাচ জেতার গুরুত্বও ভুলছেন না অধিনায়ক। তিনি বলেন, ‘বেঞ্চ শক্তিশালী করতে হবে, আবার ম্যাচও জিততে হবে। দুইটাই গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ পেছনে ফেলে দল এখন নতুন শুরুর সামনে দাঁড়িয়ে। লিটনের চোখে এই সিরিজ তাই শুধু আরেকটি দ্বিপাক্ষিক লড়াই নয়, ভবিষ্যতের দল গড়ার প্রাথমিক ধাপও।