logo

যুব এশিয়া কাপ মাতিয়ে এবার আইপিএলের পথে শেবাগপুত্র

যুব এশিয়া কাপ মাতিয়ে এবার আইপিএলের পথে শেবাগপুত্র
আর্যবীর শেবাগ। ছবি: পিটিআই

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বীরেন্দর শেবাগ। এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পা রাখার অপেক্ষায় তার ছেলে আর্যবীর শেবাগ। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানোর পর আইপিএলের আগামী আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন এই তরুণ ব্যাটার।

ভারতীয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে আইপিএলের নিলামের জন্য নাম লিখিয়েছেন আর্যবীর। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ আইপিএলের মিনি নিলাম।

Advertisement

বাবার পরিচয়ের বাইরেও সম্প্রতি নিজের ব্যাটিং দিয়ে আলোচনায় এসেছেন আর্যবীর। ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পাঁচ ইনিংসে ৯০.২৫ গড় ও ৯৫.৫০ স্ট্রাইক রেটে করেছেন ৩৬১ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন তিনটি ফিফটি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আর্যবীর। ১৭ চার ও ৭ ছক্কায় সাজানো সেই ইনিংসের পর আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে করেন ৫১ রান।

পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও ৩৩৮ রানের লক্ষ্য তাড়ায় ৬১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আর্যবীর। পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছেন শেবাগপুত্র।

আর্যবীর ছাড়াও ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের আরেক সদস্য মোহিত উলভা ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে শেষ বলে ভারতকে এক উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

তবে শেবাগপুত্র নাম লেখালেও এবার সেই পথে হাঁটেননি ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড়। নাম নিবন্ধন করেননি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক লক্ষ্য রাইচান্দানিও।

বুধবার (২৫ নভেম্বর) আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে আনক্যাপড ক্রিকেটারের সংখ্যা ৯৯৪। ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ রয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রকাশ করা হবে নিলামের চূড়ান্ত তালিকা।

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন বীরেন্দর শেবাগ। বাবার সেই পথ ধরে এবার আর্যবীরের সামনে আইপিএলে খেলার হাতছানি। তবে তার আগে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেতে হবে এই তরুণকে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট