দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পাওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। বাঁ পায়ের গোড়ালির গুরুতর চোটে আসন্ন সিরিজের আগে তার সেরে ওঠার সম্ভাবনা নেই। ফলে গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে ওপেনিং জুটি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
রোববার (৮ নভেম্বর) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের এক সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। যতদূর জানি, তার গোড়ালির টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরার আশঙ্কাও রয়েছে।’
তবে হাড়ে চিড় ধরেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিসিবি সাদমানের চোটের পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট বা মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমাও প্রকাশ করেনি।
গত শুক্রবার (৬ নভেম্বর) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান। ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গুর শট আটকাতে বাউন্ডারির দিকে ছুটেছিলেন তিনি। বল ধরার সময় ঘাসে বাঁ পা আটকে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তীব্র ব্যথায় মাঠ থেকে স্ট্রেচারে করে তাঁকে বাইরে নিতে হয়। ওই সময় মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও নিজে হাঁটার অবস্থায় ছিলেন না তিনি। পরে হাসপাতালে নিয়ে করানো হয় এমআরআই।
চোটের কারণে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি সাদমান। তার পরিবর্তে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামেন স্পিনার নাঈম হাসান। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলা সাদমানের অনুপস্থিতি তাই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা ছিল দলের।
তবে তার ছিটকে যাওয়া জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়ার দরজা খুলে দিতে পারে মাহফিজুল ইসলাম রবিনের সামনে। ঘরোয়া ক্রিকেটে ভালো করা এই ওপেনার বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

