আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৮০ হাজার ডলার। সব মিলিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে হবে নিলাম। সেখানে ৪০০-এর বেশি ক্রিকেটার দল পাওয়ার অপেক্ষায় থাকবেন। নিলামের তিনটি ভিত্তিমূল্যের ক্যাটাগরি ৮০ হাজার, ৪০ হাজার ও ১০ হাজার ডলার।
বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
১০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান সাকিব।
তবে নিলামে উঠতে হচ্ছে না মোস্তাফিজুর রহমানকে। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা বাঁহাতি এই পেসারকে আগেই ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে আট ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি।
আইএল টি-টোয়েন্টিতে আগে খেলার অভিজ্ঞতা আছে তাসকিন ও সাকিবেরও। গত আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন। আর এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচে ১১৫ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন সাকিব।
অন্যদিকে নাহিদ রানা ও রিশাদ হোসেনের জন্য এটি হতে পারে আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলার সুযোগ।
বাংলাদেশিদের পাশাপাশি সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি ও শ্রীলঙ্কার দাসুন শানাকার মতো তারকারাও।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
