logo

এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য

এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
লিটন দাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে লক্ষ্যটা পরিষ্কার করে দিলেন লিটন দাস। আগে ফাইনাল, এরপর সুযোগ এলে সোনার লড়াই। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন, টুর্নামেন্টে ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত শিরোপার মঞ্চে পৌঁছানোই তাদের বড় লক্ষ্য।

লিটন বলেন, ‘ডেফিনেটলি এখানে টার্গেট একটা থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো ক্রিকেট করতে পারি।’

বড় লক্ষ্য সামনে থাকলেও শুরু থেকেই খুব দূরে তাকাতে চান না বাংলাদেশ অধিনায়ক। প্রতিটি ম্যাচ আলাদা করে ধরে এগোনোর কথাই বলেছেন তিনি।

‘ক্রিকেটে যে জিনিসটা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। এবং বিগার টার্গেট হচ্ছে এইটাই।’

ফাইনালে পৌঁছাতে পারলেই সোনার পদকের লড়াইয়ের সুযোগ আসবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন লিটন। তিনি বলেন, ‘আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।’

এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতিতেও সন্তুষ্ট অধিনায়ক। দীর্ঘদিন পর জাতীয় দলের ক্রিকেটারদের একসঙ্গে টি-টোয়েন্টির প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়েছে। ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ।

লিটন বলেন, ‘আমাদের অপশনই কম ছিল একসাথে হওয়ার। এই ক্যাম্পটা এবং প্লাস দুইটা প্র্যাকটিস গেম আমরা খেললাম। এটা একটা ভালো অপরচুনিটি এবং ভালো অপশন ছিল যে আমাদের একসাথে আবার বন্ডিং হওয়ার জন্য।’

এশিয়ান গেমসের পর অলিম্পিকের সম্ভাবনার কথাও এসেছে সংবাদ সম্মেলনে। তবে লিটন এখনই সেই দূরের সমীকরণে যেতে চান না। তার কাছে আপাতত প্রথম কাজ এই টুর্নামেন্টে ভালো করা, আর বড় লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া।