logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নারী ক্রিকেটারদের জন্য নতুন নীতিমালা, বিস্তারিত জানালেন তামিম

নারী ক্রিকেটারদের জন্য নতুন নীতিমালা, বিস্তারিত জানালেন তামিম
ছবি: কোলাজ

নারী ক্রিকেটারদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্তের পর এবার সন্তান জন্মের পর মাঠে ফেরার প্রক্রিয়াও নীতিমালার আওতায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্মদানের পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ক্ষেত্রে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, প্রস্তাবটি ইতোমধ্যে ওয়ার্কিং কমিটির অনুমোদন পেয়েছে। এখন অপেক্ষা পরিচালনা পর্ষদের চূড়ান্ত অনুমোদনের।

রোববার (২২ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নারী ক্রিকেটারদের জন্য নতুন এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন তামিম। মাতৃত্বকালীন ছুটি ছাড়াও সন্তান জন্মদানের পর একজন ক্রিকেটার কীভাবে মাঠে ফিরবেন এবং সেই সময়ে বোর্ডের কাছ থেকে কী ধরনের সহায়তা পাবেন, সেসব বিষয়ও নীতিমালায় রাখা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

বিসিবি সভাপতি বলেন, ‘নারী ক্রিকেটাররা যখন অন্তঃসত্ত্বা হবেন, তারপর আবার খেলায় ফিরবেন, সেই বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। তারা কত দ্রুত মাঠে ফিরতে পারবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী কী সুযোগ-সুবিধা দেবে, পুরো বিষয়টি নীতিমালার মধ্যে রয়েছে।’

তবে নীতিমালা তৈরির কাজ শেষ হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। এ জন্য বিসিবির পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।

তামিম বলেন, ‘ওয়ার্কিং কমিটি এটি অনুমোদন করেছে। তবে আমাকে বিষয়টি বোর্ড সভায় নিতে হবে। বোর্ডের অনুমোদন পাওয়া গেলে নারী ক্রিকেটারদের জন্য একটি পরিষ্কার নীতিমালা থাকবে।’

এর আগে চলতি মাসের শুরুতে নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। গত ৭ নভেম্বর এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছিলেন বোর্ডের নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু।

সে সময় তিনি জানিয়েছিলেন, মাতৃত্বকালীন ছুটির পূর্ণাঙ্গ নীতিমালা দ্রুত চূড়ান্ত করা হবে। তবে ছুটির মেয়াদ চার মাস হবে, নাকি ছয় মাস, সেটি নিয়ে তখনো আলোচনা চলছিল।

এবার তামিমের বক্তব্যে জানা গেল, কেবল ছুটি ও পারিশ্রমিকের বিষয়েই নয়, মা হওয়ার পর ক্রিকেটারদের মাঠে ফেরার প্রক্রিয়া নিয়েও কাজ করেছে বিসিবি। যদিও নীতিমালার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে ছুটির চূড়ান্ত মেয়াদ, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা কিংবা মাঠে ফেরার শর্তগুলো কী হবে, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

বাংলাদেশের নারী ক্রিকেটে মাতৃত্বকালীন সুযোগ-সুবিধার অভাব নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় দলের পেসার সুরাইয়া আজমিন ছন্দার অভিজ্ঞতা সামনে আসার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।

গত মে মাসে বিসিবির কাছে মাতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন সুরাইয়া। কিন্তু সেই আবেদনের কোনো জবাব পাননি বলে অভিযোগ করেন তিনি। আগস্টে সন্তান জন্ম দেওয়ার সময় জাতীয় দলের চুক্তি থেকেও বাদ পড়েন এই ক্রিকেটার।

গত ১৯ সেপ্টেম্বর সুরাইয়ার সেই অভিজ্ঞতা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল এশিয়া পোস্ট। পরে ৭ নভেম্বর বোর্ডের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্তের খবরও প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

এদিকে চলতি বছরের ২২ জুন নারী ক্রিকেটারদের সন্তান জন্মদানের পর নিরাপদে মাঠে ফেরার জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেখানে শারীরিক পুনর্বাসন, চিকিৎসকের পর্যবেক্ষণ, ধাপে ধাপে অনুশীলনে ফেরা এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং চুক্তির আর্থিক সুরক্ষার বিষয়গুলো নিজস্ব নীতিমালার মাধ্যমে নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোকে।

অন্যদিকে রোববার নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণের জন্য গঠিত স্বাধীন কমিটি নিয়েও কথা বলেছেন তামিম।

বিসিবি সভাপতি জানান, নারী ক্রিকেটাররা যাতে কোনো ধরনের হয়রানির শিকার হলে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য বোর্ডের প্রভাবমুক্ত একটি কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর থেকেই এমন স্বাধীন ব্যবস্থা গড়ে তোলার পক্ষে ছিলেন বলে জানান তামিম।

তিনি বলেন, জাহানারার ঘটনাটি সামনে আসার সময়ই বিসিবির সঙ্গে কোনো ধরনের স্বার্থের সংঘাত নেই, এমন ব্যক্তিদের নিয়ে স্বাধীন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই দাবি তুলেছিলেন।

তামিমের দাবি, কমিটি গঠনের পর একজন ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তিগত সম্পর্ক তৈরি হওয়ায় তাকে সদস্যপদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বার্থের সংঘাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামের নেতৃত্বে স্বাধীন অভিযোগ কমিটি গঠনের খবর প্রকাশ করে বিসিবি। কমিটিতে রয়েছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন।

তামিম জানিয়েছেন, নতুন ব্যবস্থায় নারী ক্রিকেটাররা হয়রানির শিকার হলে কোথায় অভিযোগ জানাতে হবে, সেটি স্পষ্টভাবে জানতে পারবেন। অভিযোগ গ্রহণ ও পরবর্তী প্রক্রিয়ায় স্বাধীনতা বজায় রাখাই বোর্ডের লক্ষ্য।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট