logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

১৯ ছক্কায় বিশ্বরেকর্ড ছুঁলেন ভারতীয় ব্যাটার

১৯ ছক্কায় বিশ্বরেকর্ড ছুঁলেন ভারতীয় ব্যাটার
অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। ছবি: কোলাজ

এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক বল উড়িয়ে ফেললেন সীমানার ওপারে। প্রতিপক্ষের বোলারদের রীতিমতো অসহায় বানিয়ে মাত্র ৬৮ বলে খেললেন ১৮১ রানের বিধ্বংসী ইনিংস। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডবুকে নতুন করে নিজের নাম লেখালেন প্রিয়াংশ আর্য। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়ার পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ডেও ভাগ বসিয়েছেন দিল্লির এই অধিনায়ক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইন্দোরের ড্যালি কলেজ মাঠে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েছেন প্রিয়াংশ। ৭ চার ও ১৯ ছক্কায় সাজানো তার ইনিংসটির স্ট্রাইক রেট ২৬৬ দশমিক ১৮। শুধু ছক্কা থেকেই এসেছে ১১৪ রান। আর চার-ছক্কা মিলিয়ে করেছেন ১৪২ রান।

Advertisement

প্রিয়াংশের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি। জবাবে ১৮ দশমিক ৩ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ু। অর্থাৎ প্রিয়াংশ একাই করেছেন প্রতিপক্ষের পুরো দলের চেয়ে ২২ রান বেশি। ম্যাচটি দিল্লি জিতেছে ১১৬ রানের ব্যবধানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি তৃতীয় ওভারেই হারায় যশ ধুলকে। তবে সতীর্থের বিদায়ে আক্রমণের ধার কমাননি প্রিয়াংশ। নীতিশ রানাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ১১৮ রানের জুটি। সেই জুটিতে রানার অবদান ছিল মাত্র ১৮ রান।

এদিন মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন প্রিয়াংশ। পাওয়ার প্লের ছয় ওভারেই মারেন আটটি ছক্কা। এরপর ইনিংসের দশম ওভারে ছক্কা মেরে মাত্র ৩৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। সেখানেও থামেননি এই বাঁহাতি ব্যাটার। ৬০ বলে পৌঁছে যান দেড়শ রানে।

টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। তবে ইনিংসের ১৯তম ওভারে মনিমারান সিদ্ধার্থের বলে উইকেটরক্ষক ঋত্বিক ঈশ্বরনের হাতে ক্যাচ দিয়ে ফিরলে থামে তাঁর ব্যাটিং তাণ্ডব।

এক ইনিংসে একাধিক রেকর্ড

এই ইনিংস খেলার পথে লোকেশ রাহুলের রেকর্ড ভেঙেছেন প্রিয়াংশ। চলতি বছরের আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬৭ বলে অপরাজিত ১৫২ রান করেছিলেন রাহুল। এতদিন সেটিই ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

মজার বিষয় হলো, রাহুলের সেই রেকর্ড গড়ার ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাবের হয়ে খেলেছিলেন প্রিয়াংশ। দিল্লির দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭ বলে ৪৩ রান করেছিলেন তিনি।

অন্যদিকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল তিলক ভার্মার। ২০২৪ সালে মেঘালয়ের বিপক্ষে হায়দরাবাদের হয়ে ৬৭ বলে ১৫১ রান করেছিলেন তিনি। এক ইনিংসেই দুটি রেকর্ড নিজের করে নিলেন প্রিয়াংশ।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। গত ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নাইটসের বিপক্ষে টাইটান্সের হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।

তার রেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থামলেন প্রিয়াংশ। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় এখন দ্বিতীয় স্থানে এই ভারতীয়। তিনে নেমে গেছেন ২০১৩ সালের আইপিএলে অপরাজিত ১৭৫ রান করা ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল।

ছক্কার বিশ্বরেকর্ডে অবশ্য নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে ছুঁয়ে ফেলেছেন প্রিয়াংশ। গত বছরের জুনে মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ৫১ বলে ১৫১ রানের ইনিংসে ১৯টি ছক্কা মেরেছিলেন অ্যালেন।

একই সঙ্গে ভেঙেছেন ভারতীয় ব্যাটারদের এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও। ২০২১ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মিজোরামের বিপক্ষে মেঘালয়ের হয়ে ১৭টি ছক্কা মেরেছিলেন পুনিত বিস্ট।

আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে আগেই নিজের বিস্ফোরক ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন প্রিয়াংশ। এবার ঘরোয়া ক্রিকেটে এমন এক ইনিংস খেললেন, যা তাঁকে জায়গা করে দিল বিশ্ব ক্রিকেটের রেকর্ডবুকের ওপরের সারিতে।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ পাঁচ ব্যক্তিগত ইনিংস

 ব্যাটার রান বল সাল
 লুয়ান-ড্রে প্রিটোরিয়াস  ১৮৮* ৭৯ ২০২৬
 প্রিয়াংশ আর্য ১৮১ ৬৮ ২০২৬
 ক্রিস গেইল ১৭৫* ৬৬ ২০১৩
 অ্যারন ফিঞ্চ ১৭২ ৭৬ ২০১৮
 হামজা খান ১৬৪* ৬৫  ২০২৬

*তারকা চিহ্ন অপরাজিত ইনিংস নির্দেশ করে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট