বিশ্বকাপ জয়ের পর অলিম্পিক স্বর্ণে চোখ সূর্যকুমারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছেন ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব। তার চোখ এখন ২০২৮ অলিম্পিকে। বিশ্বকাপ জয়ের পর তিনি জানিয়েছেন, লক্ষ্য এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ভারতের জন্য স্বর্ণপদক জেতা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই সাফল্যের পর সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন সূর্যকুমার।
তিনি বলেন, ‘গত এক মাসের যাত্রাটা অসাধারণ ছিল। শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু খেলাধুলায় এমনটা হয়ই। শেষ পর্যন্ত দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটা সবার সামনেই আছে। এখন আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিক স্বর্ণপদক।’
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালের অলিম্পিকে এই খেলাটি ছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী দুই বিভাগেই টি–টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২০২৮ সালের অলিম্পিকে ছয়টি করে দল অংশ নেবে এবং প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে পোমোনার অস্থায়ীভাবে নির্মিত ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে।
সূর্যকুমার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দল নতুন ধাঁচের ক্রিকেট খেলতে শুরু করে।
তার মতে, ‘২০২৪ সালের পর থেকেই আমাদের খেলার ধরনে পরিবর্তন এসেছে। এরপর আমরা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি এবং এখন ২০২৬ বিশ্বকাপও জিতলাম। আমরা এই ধারাটা ২০২৭, ২০২৮ এবং তার পরেও ধরে রাখতে চাই।’
বিশ্বকাপ জয়ের পর নতুন স্বপ্নের কথা জানিয়ে সূর্যকুমার পরিষ্কার করে দিয়েছেন ভারতের পরবর্তী বড় লক্ষ্য এখন অলিম্পিক মঞ্চে স্বর্ণ জেতা।