logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

এক ইনিংসেই রেকর্ডের বন্যা, যেসব বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

এক ইনিংসেই রেকর্ডের বন্যা, যেসব বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী
ব্যাটিংয়ের অবিশ্বাস্য কীর্তি উপহার দিলেন বৈভব। ছবি: কোলাজ

কখনো অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক, কখনো নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস, আবার কখনো নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। এক ইনিংসেই লিস্ট ‘এ’ ক্রিকেটের একাধিক বিশ্বরেকর্ড নতুন করে লিখলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে এমন এক ইনিংস খেললেন ভারতীয় এই বিস্ময়বালক, যার সুবাদে একাধিক বিশ্বরেকর্ড গড়েছে তার দলও।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ চার ও ২৮ ছক্কায় ৫৩ বলে ২০৪ রান করেন সূর্যবংশী। তার ব্যাটিং তাণ্ডবে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪ দশমিক ২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। ২১৪ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে ভারত।

Advertisement

একনজরে দেখে নেওয়া যাক, সূর্যবংশীর এই ইনিংসে কী কী রেকর্ড দেখল বিশ্ব ক্রিকেট।

দ্রুততম সেঞ্চুরি

২০২৩ সালের ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। সেদিন ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড। তিন বছর পর ম্যাকগার্কের সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী। আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করতে তার লেগেছে মাত্র ২৮ বল।

দ্রুততম দেড়শ রান

এই রেকর্ড আগে থেকেই ছিল সূর্যবংশীর দখলে। গত বছরের ২৪ ডিসেম্বর বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে ৫৯ বলে দেড়শ রান পূর্ণ করেছিলেন তিনি। সেদিন ৬৪ বলে দেড়শ রান করার ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছিলেন এই তরুণ। এবার নিজের রেকর্ডের চেয়েও ১৯ বল কম খেলেই সেই মাইলফলক স্পর্শ করলেন সূর্যবংশী। দেড়শ রান পূর্ণ করতে তার প্রয়োজন হয়েছে মাত্র ৪০ বল।

দ্রুততম ডাবল সেঞ্চুরি

সূর্যবংশীর সবচেয়ে অবিশ্বাস্য কীর্তি সম্ভবত এটিই। ২০২৪ সালের ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবুরির হয়ে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন চ্যাড বোয়েস। সেই রেকর্ড ভাঙতে সূর্যবংশীর প্রয়োজন হয়েছে মাত্র ৫২ বল। আগের বিশ্বরেকর্ডের চেয়ে ৫১ বল কম খেলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতীয় এই ওপেনার।

এক ইনিংসে সর্বাধিক ছক্কা

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৫৭ রানের ইনিংস খেলেছিলেন ডি’আর্সি শর্ট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সেই ইনিংসে ২৩টি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

আট বছর পর সেই রেকর্ডও ভেঙে দিলেন সূর্যবংশী। আমিরাতের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ২৮টি ছক্কা। শুধু ছক্কা থেকেই করেছেন ১৬৮ রান। চার-ছক্কা মিলিয়ে তার ২০৪ রানের মধ্যে ১৯৬ রানই এসেছে বাউন্ডারি থেকে।

সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট।

আরেকটি রেকর্ডে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এখন তার দখলে।

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। তার সেই ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৩৮ দশমিক ৬৪। এবার ৩৮৪ দশমিক ৯১ স্ট্রাইক রেটে ২০৪ রান করে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন সূর্যবংশী।

প্রথম ১০ ওভারেই ব্যক্তিগত দেড়শ

পাওয়ার প্লেতেই রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সূর্যবংশী। প্রথম ১০ ওভার শেষে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪০ বলে অপরাজিত ১৫১ রান। তখনই ২০টি ছক্কা মেরে ফেলেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের প্রথম ১০ ওভারে ব্যক্তিগত সংগ্রহের বিরল নজির এটি।

দ্রুততম দলীয় শতরান

সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৫ ওভারেই দলীয় শতরান পূর্ণ করে ভারত ‘এ’ দল। এর আগে ২০১৫ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ দশমিক ৩ ওভারে দলীয় শতরান পূর্ণ করেছিল নিউজিল্যান্ড। চলতি বছর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সেই রেকর্ড ছুঁয়েছিল ভারত ‘এ’ দলও।

বলভিত্তিক তথ্য সংরক্ষিত রয়েছে, এমন লিস্ট ‘এ’ ম্যাচে এবার সেই রেকর্ডও নিজেদের করে নিল ভারত।

প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

প্রথম ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮৩ রান। এর মধ্যে ১৫১ রানই করেন সূর্যবংশী।

এতদিন বলভিত্তিক তথ্য পাওয়া যায়, এমন লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল সাউথ অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ফ্রেজার-ম্যাকগার্কের ব্যাটিং তাণ্ডবে প্রথম ১০ ওভারে ১৬০ রান তুলেছিল তারা। সেই সংগ্রহের চেয়েও ২৩ রান বেশি করেছে ভারত।

দুই শতাধিক রানের লক্ষ্য তাড়ায় দ্রুততম জয়

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে মাত্র ১৪ দশমিক ২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে ম্যাচ জিতেছে ভারত। ক্রিকবাজের পরিসংখ্যান অনুযায়ী, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য এত দ্রুত পেরিয়ে যেতে পারেনি আর কোনো দল।

আগের রেকর্ড ছিল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল অ্যালায়েড ব্যাংক লিমিটেডের। ২০০৩ সালে লাহোরে প্যাট্রনস কাপে সার্ভিস ইন্ডাস্ট্রিজের বিপক্ষে ২০ ওভারে দুই শতাধিক রানের লক্ষ্য পেরিয়েছিল তারা।

এ ছাড়া আমিরাতের বিপক্ষে ভারতের ব্যাটাররা সম্মিলিতভাবে মেরেছেন ৩১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বাধিক ছক্কার নজির। গত বছর অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩৮টি ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েছিল বিহার। সেই ম্যাচেও একাই ১৫টি ছক্কা মেরেছিলেন সূর্যবংশী।

উল্লেখ্য, দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডও আগে থেকেই রয়েছে সূর্যবংশীর দখলে। চলতি বছর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি, সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন একই ব্যাটারের দখলে। আর সেই ব্যাটারের বয়স মাত্র ১৫ বছর!

একনজরে সূর্যবংশীর ব্যক্তিগত বিশ্বরেকর্ড

 রেকর্ড  আগের রেকর্ড নতুন রেকর্ড
 দ্রুততম সেঞ্চুরি ম্যাকগার্ক, ২৯ বল ২৮ বল
 দ্রুততম দেড়শ সূর্যবংশী, ৫৯ বল ৪০ বল
 দ্রুততম ডাবল সেঞ্চুরি বোয়েস, ১০৩ বল ৫২ বল
 সর্বাধিক ছক্কা শর্ট, ২৩টি ২৮টি
 সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট ডি ভিলিয়ার্স, ৩৩৮.৬৪ ৩৮৪.৯১

ভারত ‘এ’ দলের বিশ্বরেকর্ড

 রেকর্ড আগের রেকর্ড নতুন রেকর্ড
 দ্রুততম দলীয় শতরান* ৬.৩ ওভার ৫ ওভার
 প্রথম ১০ ওভারে দলীয় রান* সাউথ অস্ট্রেলিয়া, ১৬০ ১৮৩
 ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়ায় দ্রুততম জয় অ্যালায়েড ব্যাংক, ২০ ওভার ১৪.২ ওভার

*বলভিত্তিক তথ্য সংরক্ষিত থাকা ম্যাচের হিসাবে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট