logo

অলিম্পিকের ভেন্যুতেই আইপিএল ম্যাচ আয়োজনের ভাবনা

অলিম্পিকের ভেন্যুতেই আইপিএল ম্যাচ আয়োজনের ভাবনা

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ সামনে রেখে ক্যালিফোর্নিয়ার পোমোনায় তৈরি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। ভবিষ্যতে তৈরি হতে যাওয়া স্টেডিয়ামটি ঘিরে রয়েছে নানা পরিকল্পনা যার মধ্যে রয়েছে আইপিএলের প্রদর্শনী ম্যাচও। 

ফেয়ারপ্লেক্স প্রাঙ্গণে হতে যাওয়া স্টেডিয়ামেই অলিম্পিকে ক্রিকেট ফিরবে দীর্ঘ বিরতির পর। নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে, আর আয়োজকদের লক্ষ্যও পরিষ্কার। প্রথমেই একটি মানসম্মত ক্রিকেট ভেন্যু দাঁড় করানো, তারপর সেটিকে কেন্দ্র করে বড় পরিসরের পরিকল্পনা এগিয়ে নেওয়া যার মধ্যে রয়েছে আইপিএল।

এ নিয়ে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাজার বাড়াতে আইপিএলের উপস্থিতি বড় ভূমিকা রাখতে পারে। তার কথায়, সুযোগ থাকলে এই মাঠে আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা গেলে তা নিঃসন্দেহে বিশেষ কিছু হবে। তবে খেলোয়াড়দের ব্যস্ত সূচি বড় বাধা বলেও উল্লেখ করেন তিনি।

এই স্টেডিয়ামই হবে আবার লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ঘরের মাঠ। পাশাপাশি এ বছর জুলাইয়ে এখানে মেজর লিগ ক্রিকেটের কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ধাপে ধাপে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হবে। শুরুতে পাঁচ হাজার দর্শক, পরে তা বাড়িয়ে আট হাজারের বেশি এবং অলিম্পিকের সময় প্রায় পনেরো হাজারে নেওয়ার লক্ষ্য।

পিচ ও আউটফিল্ড নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা। স্থানীয় মাটি আর বিশেষ ঘাস ব্যবহার করে স্থায়ী পিচ তৈরি করা হচ্ছে, যাতে শেষ মুহূর্তে কোনো সমালোচনার মুখে না পড়তে হয়। আগের বড় আসরে অস্থায়ী পিচ নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা থেকে শিক্ষা নিয়েই এবার প্রস্তুতি।

যুক্তরাষ্ট্রকে এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া বাজারগুলোর একটি ধরা হয়। সেই জায়গায় ক্রিকেটকে আরও প্রতিষ্ঠিত করতে চাইছে সংশ্লিষ্টরা। মাইসোরের মতে, মেজর লিগ ক্রিকেটের উত্থানকে কাজে লাগিয়ে যদি আইপিএলও যুক্ত হয়, তাহলে আগ্রহ ও দর্শকসংখ্যা দুটোই বাড়বে।