আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাম লেখালেন তাসকিন

আট বছর পর ফিরতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আগামী ২৭ সেপ্টেম্বর হতে যাওয়া খেলোয়াড় ড্রাফটের আগে তার নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
তাসকিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল জানিয়েছে, বাংলাদেশের এই পেসার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন। একই সঙ্গে সমর্থকদের কাছে জানতে চাওয়া হয়েছে, কোন দলের হয়ে তারা তাসকিনকে দেখতে চান। তবে এখনো কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার নাম যুক্ত হয়নি।
এবারের ড্রাফটের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারই পাঁচ শতাধিক। নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে ১৯ সেপ্টেম্বর। এখন ২৭ সেপ্টেম্বরের ড্রাফটে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গুছিয়ে নেবে।
আফগানিস্তান প্রিমিয়ার লিগ সর্বশেষ মাঠে গড়িয়েছিল ২০১৮ সালে। দীর্ঘ আট বছরের বিরতির পর আগামী ২৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে আবার শুরু হওয়ার কথা পাঁচ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।
আগের আসরেও এপিএলের সঙ্গে যুক্ত ছিলেন তাসকিন। ২০১৮ সালে কাঁধাহার নাইটস তাকে দলে নিয়েছিল। এবার ড্রাফট থেকে দল পেলে আবারও আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় দেখা যেতে পারে বাংলাদেশের এই গতিতারকাকে।
