বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন?

ছোটবেলায় মায়ের অমতে ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন। সেই ভর্তি হওয়ার টাকাও এসেছিল টিফিনের খরচ বাঁচিয়ে। ক্রিকেটার হওয়ার স্বপ্নে পাশে পেয়েছিলেন বড় বোনকে। সেই স্বপ্নপূরণের পথে এবার বড় এক ধাপ এগিয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাওয়া রবিনকে নিয়ে তাই কৌতূহল, কে এই তরুণ ব্যাটার?
সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে নতুন মুখ রবিন। সাদমান ইসলামের চোটে বিকল্প ওপেনারের প্রয়োজন আরও বেড়েছে। তবে রবিন আগে থেকেই নির্বাচকদের বিবেচনায় ছিলেন। জাতীয় দলে জায়গা পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তার দুর্দান্ত পারফরম্যান্স।
ময়মনসিংহ বিভাগের হয়ে এবারের এনসিএলে প্রথম পাঁচ রাউন্ডের ১০ ইনিংসে ৬৭২ রান করেছেন রবিন। ৭৪.৬৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২১৭ রান। বগুড়ায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩৫১ বলের সেই ইনিংসে ছিল ২০টি চার ও দুটি ছক্কা। টানা রান করে জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়েন ডানহাতি এই ওপেনার।
তবে শুধু সাম্প্রতিক ফর্ম নয়, বাংলাদেশের টেস্ট দলে ডানহাতি ওপেনারের প্রয়োজনীয়তাও রবিনের সুযোগ পাওয়ার অন্যতম কারণ। সোমবার দল ঘোষণার সংবাদ সম্মেলনে নির্বাচক বলেন, ‘আমাদের মনে হচ্ছে একজন রাইট হ্যান্ডি ওপেনার প্রডিউস করা খুব দরকার।’
রবিনকে নিয়ে নির্বাচকদের পরিকল্পনা অবশ্য আরও আগের। তাকে জাতীয় দলে নেওয়ার আগে পর্যাপ্ত সময় দিয়ে প্রস্তুত করতে চেয়েছিলেন তারা। সেই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে নির্বাচক বলেন, ‘রবিনকে আমরা আসলে আরেকটু সময় দিতে চেয়েছিলাম টু গেট রেডি।’
এর আগে গত অক্টোবরেও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন তার পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘ও (রবিন) ভালো ফর্মে আছে, ভালো রান করছে। আগের থেকেই আমাদের সিস্টেমের মধ্যে আছে।’
নারায়ণগঞ্জে ২০০৪ সালের ১০ মার্চ জন্ম রবিনের। পুরো নাম মোহাম্মদ মাহফিজুল ইসলাম। মাত্র দুই বছর বয়সে বাবাকে হারান তিনি। এরপর মা রহিমা বেগম ও বড় বোন পপির কাছে বেড়ে ওঠেন। ক্রিকেটের প্রতি ছোটবেলা থেকেই ছিল প্রবল আগ্রহ। তবে শুরুতে মায়ের সমর্থন পাননি। মা চাইতেন ছেলে পড়াশোনায় মনোযোগ দিক। ক্রিকেটার হওয়ার স্বপ্নে অবশ্য সবসময় পাশে ছিলেন বড় বোন।
২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প জানিয়েছিলেন রবিন। এক বন্ধুর মাধ্যমে নারায়ণগঞ্জের ক্লেমন ক্রিকেট একাডেমির খোঁজ পান তিনি। পরিবারের অজান্তেই সেখানে অনুশীলন শুরু করেন।
সেই সময়ের কথা স্মরণ করে রবিন বলেছিলেন, ‘পরে টিফিনের টাকা জমিয়ে সেখানে ভর্তি হয়েছিলাম।’
কয়েক মাস মাকে না জানিয়েই অনুশীলন চালিয়ে যান রবিন। একদিন অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ার পর বিষয়টি জানতে পারেন তার মা। এরপর বড় বোনের সহযোগিতায় ক্রিকেট চালিয়ে যাওয়ার সুযোগ পান।
নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বোনের অবদানের কথা বলতে গিয়ে রবিন বলেছিলেন, ‘আপু আছে বলেই আমি আজকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে পেরেছি।’
পরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ক্রিকেটে আরও এগিয়ে যাওয়ার পথ তৈরি হয় তার। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন। বাসসের ২০২৫ সালের ডিসেম্বরের প্রতিবেদন অনুযায়ী, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছিলেন তিনি।
জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটেও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন রবিন। ২০২১ সালের যুব এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন। ১২টি চার ও চারটি ছক্কায় সাজানো সেই ইনিংসে বাংলাদেশ পেয়েছিল ২২২ রানের বড় জয়। পরের বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন রবিন। ২০২৫ সালের ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচে ৫১২ রান করেছিলেন। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে এবারের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরের আগেই জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন রবিন। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফের তত্ত্বাবধানে নেটে ব্যাটিং করেছেন। শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের মতো পেসারদের মুখোমুখিও হয়েছেন।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পাবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। তবে যে ছেলেটি একসময় টিফিনের টাকা বাঁচিয়ে ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলেন, তার সামনে এবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা।

