logo

ধোনি-রোহিত থাকলেও যে কারণে ফাইনালে ছিলেন না কোহলি

ধোনি-রোহিত থাকলেও যে কারণে ফাইনালে ছিলেন না কোহলি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। ম্যাচটা এমনিতেই ছিল দারুণ, তার ওপর মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মাকে ভিআইপি বক্সে দেখে ভারতীয় ভক্তদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। কিন্তু এই দুই কিংবদন্তির পাশে বিরাট কোহলিকে না দেখে অনেকেই হতাশ হয়েছেন, প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াজুড়ে।

ধোনি পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আর রোহিত ও কোহলি দুজনেই এখনও ওয়ানডে ফরম্যাটে সক্রিয়। তারপরও রোহিত এলেন, কোহলি এলেন না—ব্যাপারটা অনেকের কাছেই একটু অবাক লেগেছে।

কেন আসেননি কোহলি

আসলে দুটো কারণ আছে।

প্রথমত, ধোনি আর রোহিত এই ফাইনালে এসেছিলেন একটা বিশেষ দায়িত্ব নিয়ে—টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে। ধোনি ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে, আর রোহিত ২০২৪-এ বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই গৌরব ফিরিয়ে এনেছিলেন। কোহলি কিন্তু কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক হিসেবে জেতেননি, তাই এই অনুষ্ঠানে তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা ছিল না।

দ্বিতীয়ত, টেস্ট আর টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার পর কোহলি এখন পরিবারকে অনেক বেশি সময় দিতে পারছেন। একবার এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, ‘একবার অবসর নিলে কিছুদিনের জন্য হারিয়ে যাব। তাই যতদিন খেলছি, পুরোটা ঢেলে দিতে চাই।’

তাই এবার হয়তো তিনি মাঠে না গিয়ে বাড়িতে বন্ধু আর পরিবারের সঙ্গে বসে ম্যাচটা উপভোগ করেছেন— পেশাদার ক্রিকেটার হওয়ার পর থেকে যেটা তিনি কখনো ঠিকমতো পারেননি। 

সূত্র: এনডিটিভি