Advertisement

আর্জেন্টিনার জার্সিতে নতুন চমক, ফিফার বিশেষ সম্মান পাচ্ছেন ৯ জন

এশিয়া পোস্ট স্পোর্টস
আর্জেন্টিনার জার্সিতে নতুন চমক, ফিফার বিশেষ সম্মান পাচ্ছেন ৯ জন
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে অভিষেক এমনিতেই যে কোনো ফুটবলারের ক্যারিয়ারের বড় মুহূর্ত। এবার সেই মুহূর্তকে আলাদা করে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা ফুটবলারদের জার্সিতে থাকবে বিশেষ অভিষেক প্যাচ।

Advertisement

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্ষেত্রেও দেখা যাবে সেই নতুনত্ব। লিওনেল স্কালোনির দলে এমন ৯ জন ফুটবলার আছেন, যারা এখনো বিশ্বকাপের মূল মঞ্চে কোনো ম্যাচ খেলেননি। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র প্রথম ম্যাচে তাঁদের কেউ মাঠে নামলে জার্সিতে দেখা যাবে ‘Debut FIFA World Cup’ প্যাচ।

debut patch
debut patch

এই বিশেষ প্যাচটি থাকবে জার্সির হাতায়। এতে বিশ্বকাপ ট্রফির প্রতীক থাকবে, সঙ্গে থাকবে অভিষেকের বার্তা। তবে পুরো টুর্নামেন্টজুড়ে এটি ব্যবহারের সুযোগ নেই। নিয়ম অনুযায়ী, একজন ফুটবলার তাঁর প্রথম বিশ্বকাপ ম্যাচেই শুধু এই প্যাচ পরে খেলতে পারবেন। এরপর আবার খেললে আর প্যাচটি থাকবে না।

অর্থাৎ আর্জেন্টিনার যে ৯ ফুটবলার এখনো বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায়, তাঁদের মধ্যে কেউ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই সেই ম্যাচটিই হবে তাঁর বিশেষ প্যাচ ব্যবহারের একমাত্র সুযোগ। যারা ওই ম্যাচে মাঠে নামবেন না, তারা নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচের জন্য সুযোগটি ধরে রাখবেন।

আর্জেন্টিনার অভিষেক প্যাচ পাওয়ার অপেক্ষায় থাকা ৯ ফুটবলার হলেন হুয়ান মুসো, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বারকো, নিকোলাস গনসালেস, জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ ও হোসে মানুয়েল লোপেস।

এই তালিকায় সেনেসির নাম যোগ হয়েছে শেষ মুহূর্তে। চোটের কারণে লিওনার্দো বালের্দি বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় সেনেসিকে ডেকেছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

আর্জেন্টিনার জার্সিতে অবশ্য এবার আরেকটি বিশেষ চিহ্নও থাকবে। কাতার বিশ্বকাপজয়ী দল হিসেবে মেসিদের বুকে থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের স্বর্ণালি ব্যাজ। অন্য দলগুলোর জার্সিতে যেখানে সাধারণ টুর্নামেন্ট প্যাচ থাকবে, সেখানে আর্জেন্টিনার জার্সিতে বর্তমান চ্যাম্পিয়নের মর্যাদা আলাদা করে ফুটে উঠবে।

আনহেল দি মারিয়া নেই, তবে লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার নতুন প্রজন্ম এখনো বড় স্বপ্নই দেখছে। অভিজ্ঞদের সঙ্গে স্কালোনির দলে মিশেছে নতুন মুখ। সেই নতুনদের জন্য ফিফার অভিষেক প্যাচ হতে যাচ্ছে ক্যারিয়ারের এক স্মরণীয় স্মারক।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়নদের চোখ থাকবে শিরোপা ধরে রাখার দিকে। আর দলের ৯ ফুটবলারের সামনে থাকবে ব্যক্তিগত এক বিশেষ মুহূর্ত, বিশ্বকাপ অভিষেকের সঙ্গে ফিফার নতুন প্যাচ পরে মাঠে নামার সুযোগ।

আর্জেন্টিনার জার্সিতে নতুন চমক, ফিফার বিশেষ সম্মান পাচ্ছেন ৯ জন