logo

ক্লাব ফুটবল নয়, এবার জাতীয় দলের দায়িত্ব নিতে চান গার্দিওলা

ক্লাব ফুটবল নয়, এবার জাতীয় দলের দায়িত্ব নিতে চান গার্দিওলা
পেপ গার্দিওলা। পুরোনো ছবি

ক্লাব ফুটবলে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন পেপ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির ডাগআউটে দাঁড়িয়ে গড়েছেন অসংখ্য কীর্তি। তবে বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে এখনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা হয়নি স্প্যানিশ এই কোচের। এবার সেই অপূর্ণতা ঘোচাতে চান গার্দিওলা। কোচিংয়ে ফিরলে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়াই হবে তার পরবর্তী লক্ষ্য।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টেনেছেন গার্দিওলা। এরপর থেকেই কোচিং থেকে বিরতিতে রয়েছেন তিনি। সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক সতীর্থ রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

Advertisement

গার্দিওলা বলেন, ‘কোথায় আমার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাব, তা জানি না। তবে এমন কোনো দলের দায়িত্ব নিতে চাই, যে অভিজ্ঞতা আগে হয়নি। সেটা অবশ্যই কোনো জাতীয় দল। এটাই হবে আমার পরবর্তী পদক্ষেপ।’

এরই মধ্যে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগও এসেছিল গার্দিওলার সামনে। টানা তিন বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালি গত জুলাইয়ে তাকে কোচ করার প্রস্তাব দিয়েছিল। এ নিয়ে ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি পাওলো মালদিনি ও লিওনার্দোর সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। তবে বিশ্রামের প্রয়োজনেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

গার্দিওলা বলেন, ‘ইতালির মতো একটি জাতীয় দলকে না বলতে আমার প্রায় লজ্জাই হচ্ছিল। এক বা দুই বছর আগে প্রস্তাবটি পেলে সম্ভবত রাজি হয়ে যেতাম। কিন্তু তখন আমার থামার প্রয়োজন ছিল। নিজের জন্য কিছুটা সময় চেয়েছিলাম।’

এদিকে মরিসিও পচেত্তিনো যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর দেশটির পরবর্তী কোচ হিসেবে আলোচনায় রয়েছেন গার্দিওলা। মার্কিন ফুটবল ফেডারেশনের সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে তার নাম। তবে এ বিষয়ে কোনো চুক্তির খবর এখনো পাওয়া যায়নি।

২০০৮ সালে বার্সেলোনার মূল দলের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে শীর্ষ পর্যায়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকাকালীন ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।

ক্লাব ফুটবলে এত সাফল্যের পর জাতীয় দলের ডাগআউটে গার্দিওলাকে দেখার অপেক্ষা বাড়ছে ফুটবলপ্রেমীদের। তবে কবে কোচিংয়ে ফিরবেন, সেই সিদ্ধান্ত এখনো নেননি তিনি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট