ছয় ম্যাচে নেই গোল-অ্যাসিস্ট, ভিনিসিয়ুসকে নিয়ে চিন্তায় রিয়াল

দল জিতছে, কিন্তু নিজেকে যেন হারিয়ে খুঁজছেন ভিনিসিয়ুস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্সের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ সেই জয়ে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পুরো ম্যাচে মাত্র একবার ড্রিবলের চেষ্টা করেও সফল হননি তিনি। গোল কিংবা অ্যাসিস্ট ছাড়াই মাঠ ছেড়েছেন টানা ষষ্ঠ ম্যাচে।
কোচ হোসে মরিনহো অবশ্য শিষ্যের পাশেই দাঁড়িয়েছেন। তার চোখে ভিনিসিয়ুসের পারফরম্যান্স ছিল ‘গ্রহণযোগ্য’। কিন্তু পরিসংখ্যান বলছে, নিজের চেনা ছন্দ থেকে অনেক দূরে রয়েছেন রিয়ালের সাত নম্বর জার্সিধারী।
বুধবার (৪ নভেম্বর) রাতে গ্রিসের অলউইন অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এইকে এথেন্সকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের গোলে দুইবার সমতায় ফেরার পর যোগ করা সময়ে জয়সূচক গোল করেন ফেদেরিকো ভালভার্দে। তবে ম্যাচের ৮১তম মিনিটে বদলি হওয়ার আগে আক্রমণভাগে খুব একটা প্রভাব রাখতে পারেননি ভিনিসিয়ুস।
ম্যাচের আগের দিনই মরিনহো নিশ্চিত করেছিলেন, এথেন্সে ভিনিসিয়ুসকে একাদশে রেখেই দল সাজাবেন তিনি। নিজের সিদ্ধান্তে কোনো দ্বিধা ছিল না পর্তুগিজ কোচের। কিন্তু সেই আস্থার প্রতিদান মাঠে দিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। একসময় প্রতিপক্ষের রক্ষণে নিয়মিত আতঙ্ক ছড়ানো ভিনিসিয়ুস এখন ডিফেন্ডারদের চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রেও আগের মতো সক্রিয় নন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, এইকের বিপক্ষে পুরো ম্যাচে মাত্র একটি ড্রিবলের চেষ্টা করেন ভিনিসিয়ুস। সেটিও ব্যর্থ হয়। চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে কোনো সফল ড্রিবল নেই তাঁর। আগের দুই ম্যাচে রোমা ও আরবি লাইপজিগের বিপক্ষে একবারও ড্রিবলের চেষ্টা করেননি তিনি।
অথচ প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাওয়ার দক্ষতাই দীর্ঘদিন ধরে ভিনিসিয়ুসের সবচেয়ে বড় অস্ত্র। সেই জায়গাতেই এখন সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছেন রিয়ালের এই ফরোয়ার্ড।
চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৯৮টি ড্রিবলের চেষ্টা করছেন ভিনিসিয়ুস। সফল হচ্ছেন মাত্র ১.৬৩টিতে। তুলনায় ২০২৩-২৪ মৌসুমে প্রতি ৯০ মিনিটে ৮.৩৬টি ড্রিবলের চেষ্টা করে সফল হয়েছিলেন ৩.২৭টিতে। অর্থাৎ শুধু সফল ড্রিবলের সংখ্যাই কমেনি, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার চেষ্টাও নেমে এসেছে অর্ধেকের নিচে।
এইকের বিপক্ষে তার অন্যান্য পরিসংখ্যানও খুব একটা স্বস্তিদায়ক নয়। মাঠে থাকা অবস্থায় ৪৮ বার বল স্পর্শ করেছেন ভিনিসিয়ুস, যা গোলরক্ষক থিবো কোর্তোয়া বাদে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড়দের মধ্যে সর্বনিম্ন। সাতটি দ্বৈরথের মধ্যে জিতেছেন মাত্র দুটিতে। ১১ বার বলের দখল হারিয়েছেন এবং তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি।
তবে আক্রমণে একেবারেই নিষ্প্রভ ছিলেন, এমনও নয়। সতীর্থদের জন্য দুটি গোলের সুযোগ তৈরি করেছেন ভিনিসিয়ুস। এর মধ্যে পায়ের বাইরের অংশ দিয়ে এমবাপ্পেকে বাড়ানো একটি পাস ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু তার সামর্থ্য ও অতীত পারফরম্যান্স বিবেচনায় সেটি যথেষ্ট ছিল না।
অন্যদিকে একই ম্যাচে ডান প্রান্তে খেলেও সাতটি ড্রিবলের চেষ্টা করে চারটিতে সফল হয়েছেন ইয়ান দিয়োমান্দে। আইভরিকোস্টের এই তরুণ উইঙ্গারকে ৬৭তম মিনিটে তুলে ভালভার্দেকে মাঠে নামান মরিনহো। অথচ নিজের পছন্দের বাঁ প্রান্তে আরও বেশি সময় খেলেও একটি সফল ড্রিবল করতে পারেননি ভিনিসিয়ুস।
তবে শিষ্যের সমালোচনায় যেতে চাননি মরিনহো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভিনিসিয়ুস গ্রহণযোগ্য একটি ম্যাচ খেলেছে। অসাধারণ কিছু নয়, তবে দলও অসাধারণ খেলেনি। কঠিন একটি ম্যাচ ছিল এবং সেই বিবেচনায় সে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।’
ভিনিসিয়ুসের কারণে দিয়োমান্দেকে ডান প্রান্তে খেলতে হচ্ছে কি না, সেই প্রশ্নেরও জবাব দেন রিয়াল কোচ।
মরিনহো বলেন, ‘ভিনিসিয়ুস কোনো সমস্যা তৈরি করেনি। দিয়োমান্দেকে রিয়ালে আনা হয়েছে দুই প্রান্তেই খেলার সামর্থ্যের কারণে। সে শুধু একটি নির্দিষ্ট প্রান্তের খেলোয়াড় নয়। ডানে কিংবা বাঁয়ে খেলতে তার কোনো সমস্যা নেই।’
ম্যাচের ৮১তম মিনিটে ভিনিসিয়ুসকে তুলে আলভারো কারেরাসকে মাঠে নামান মরিনহো। একই সময়ে হলুদ কার্ড দেখা মার্ক কুকুরেয়ার বদলে নামেন ব্রাহিম দিয়াজ। এই পরিবর্তনের পেছনে ম্যাচের পরিস্থিতির পাশাপাশি পরবর্তী ম্যাচের পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন রিয়াল কোচ।
মরিনহোর ভাষায়, ‘এমন অনিশ্চিত ম্যাচে পরিবর্তন আনার সময় আমাকে ফলাফলের কথা ভাবতে হয়। একই সঙ্গে শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের কথাও মাথায় রাখতে হয়েছে। কিছু পরিবর্তনের সময় সেই বিষয়টি বিবেচনায় রেখেছি।’
রিয়াল কোচ আরও জানান, ভিনিসিয়ুস কিছুটা ক্লান্ত ছিলেন। অন্যদিকে হলুদ কার্ড দেখা কুকুরেয়াকে মাঠে রেখে ঝুঁকি নিতে চাননি তিনি। শেষ দিকে কারেরাস ও ব্রাহিমের উপস্থিতি দলের আক্রমণে নতুন গতি এনে দেয়। ভালভার্দের জয়সূচক গোলে অ্যাসিস্টও করেন ব্রাহিম।
তবে ভিনিসিয়ুসের সমস্যা শুধু এইকের বিপক্ষের একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তাঁর গোলসংখ্যা মাত্র একটি, সঙ্গে তিনটি অ্যাসিস্ট। আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করার পর আর প্রতিপক্ষের জাল খুঁজে পাননি তিনি।
এএসের হিসাবে, খেলা সর্বশেষ ছয় ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করতে ব্যর্থ হয়েছেন ভিনিসিয়ুস। ২০২২-২৩ মৌসুমের পর এমন দীর্ঘ সময় সরাসরি কোনো গোলে অবদান রাখতে পারেননি তিনি।
এর মধ্যে লা লিগায় নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলতেও পারছেন না ব্রাজিলিয়ান তারকা। গত ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে প্রতিপক্ষের নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেন তিনি। পরে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রতিবাদ করায় শাস্তির মেয়াদ আরও বাড়ে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন দুই ঘটনায় দুটি করে মোট চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ভিনিসিয়ুসকে। রিয়াল মাদ্রিদের আপিলও খারিজ হয়ে যায়। আগামী শনিবার (৭ নভেম্বর) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে সেই নিষেধাজ্ঞার শেষ ধাপ কাটাতে হবে তাকে। ফলে আপাতত চ্যাম্পিয়ন্স লিগই তার জন্য নিজেকে প্রমাণের প্রধান মঞ্চ হয়ে উঠেছে।
ভিনিসিয়ুসকে সামলানোর ক্ষেত্রে কেমন কৌশল নিচ্ছেন, সেই প্রশ্নে মরিনহোও দিয়েছেন মজার জবাব। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, হাসতে হাসতে রিয়াল কোচ বলেন, ‘এখন পর্যন্ত ওর ক্ষেত্রে ৮০ শতাংশ নরম আর ২০ শতাংশ কঠোর পদ্ধতি ব্যবহার করছি।’
মরিনহোর এই মন্তব্যেই স্পষ্ট, কঠিন সময়েও ভিনিসিয়ুসকে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। তবে সেই সমর্থনের পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে আরও কার্যকর পারফরম্যান্সও প্রত্যাশা করছেন রিয়াল কোচ।
দলের ফল নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে মরিনহোর দল। এথেন্সেও দুইবার পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে তারা।
কিন্তু দলের এই সাফল্যের মধ্যেও ভিনিসিয়ুসের ব্যক্তিগত পারফরম্যান্স বড় প্রশ্ন হয়ে থাকছে। একসময় একাই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য দেখানো ব্রাজিলিয়ান তারকা এখন গোল, অ্যাসিস্ট কিংবা ড্রিবল, কোনো ক্ষেত্রেই নিজের সেরা রূপে নেই। মরিনহো তাকে আস্থা দিয়ে যাচ্ছেন। তবে সেই আস্থার প্রতিদান দিতে হলে ভিনিসিয়ুসকে মাঠেই ফিরতে হবে চেনা ছন্দে।




