logo

১২৭তম জন্মদিনে বার্সেলোনার পাঁচ গোলের উৎসব

১২৭তম জন্মদিনে বার্সেলোনার পাঁচ গোলের উৎসব
ইয়ামাল-রাফিনিয়ার ম্যাজিকে প্রতিষ্ঠাবার্ষিকী রাঙাল বার্সা। ছবি: রয়টার্স

আট বছর আগে রিয়াজোরে লিওনেল মেসির হ্যাটট্রিকে শিরোপার উৎসবে মেতেছিল বার্সেলোনা। দীর্ঘ বিরতির পর সেই মাঠে ফিরে এবার হ্যাটট্রিক করলেন আরেক বার্সা তারকা।

অধিনায়ক রাফিনিয়ার হ্যাটট্রিকে নিজেদের জন্মদিন রাঙাল কাতালান ক্লাবটি। এক গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ব্রাজিলিয়ান তারকার উৎসবে সঙ্গী হলেন লামিনে ইয়ামাল। দুই তারকার নৈপুণ্যে দেপোর্তিভো লা করুনাকে উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠার ১২৭তম বার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি লা লিগার শীর্ষস্থানও আরও সুসংহত করেছে বার্সেলোনা।

Advertisement

রোববার (২৯ নভেম্বর) আবাঙ্কা রিয়াজোর স্টেডিয়ামে দেপোর্তিভোকে ৫-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। রাফিনিয়া ও ইয়ামালের পাশাপাশি বার্সেলোনার হয়ে গোল করেছেন দানি ওলমো। স্বাগতিকদের একমাত্র গোলটি করেছেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেদ্রির পাস থেকে বাঁ পায়ের শটে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নবম মিনিটে পাউ কুবারসির ভুল কাজে লাগিয়ে জোয়ান গার্সিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান অবামেয়াং।

এরপর বিল এনসোঙ্গোর হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে বার্সেলোনাকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন গার্সিয়া। স্বাগতিকদের চাপ সামলে ২০তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ প্রান্ত থেকে অ্যান্থনি গর্ডনের ক্রসে হেড করে জালের দেখা পান ওলমো।

বিরতির পর গোল উৎসবে মেতে ওঠেন অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা রাফিনিয়া। ৫০তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা।

৮৩তম মিনিটে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর যোগ করা সময়ে ইয়ামালের সহায়তায় খুব কাছ থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেয় বার্সেলোনা। বিপরীতে সাতটি শট নিতে পেরেছে দেপোর্তিভো।

২০১৮ সালের ২৯ এপ্রিল এই মাঠেই মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভোকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ২৫তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। আট বছর পর সেই মাঠেই রাফিনিয়ার হ্যাটট্রিকে আরেকটি বিশেষ উপলক্ষ উদ্‌যাপন করল কাতালানরা।

১৪ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে ফ্লিকের দল। অন্যদিকে আলাভেসের কাছে হেরে তিনে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয় পয়েন্টে।

আগামী বুধবার দিবাগত রাত আড়াইটায় ক্যাম্প ন্যুতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচে জিতলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আট পয়েন্টের ব্যবধান তৈরি করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট