logo

দুই ম্যাচেও জয় নেই ক্লপের জার্মানির

দুই ম্যাচেও জয় নেই ক্লপের জার্মানির
জার্মানি কোচ ইউর্গেন ক্লপ। ছবি: গেটি ইমেজ

২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর ইউর্গেন ক্লপকে ঘিরে নতুন শুরুর স্বপ্ন দেখছে জার্মানি। কিন্তু জাতীয় দলের ডাগআউটে প্রথম দুই ম্যাচ শেষেও জয়ের দেখা পেলেন না সাবেক লিভারপুল কোচ। নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ের পর এবার নিজেদের মাঠে গ্রিসের কাছে ১-০ গোলে হেরেছে জার্মানি। ক্লপের ঘরের মাঠে অভিষেকটাও তাই রাঙানো হলো না।

রোববার অগসবুর্গে উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের গ্রুপ-২ ম্যাচের ৭৪ মিনিটে গ্রিসের জয়সূচক গোলটি করেন দিমিত্রিস কুরবেলিস। তার নিচু শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে আর ফিরতে পারেনি স্বাগতিকেরা।

বল দখলে অবশ্য শুরু থেকেই আধিপত্য ছিল জার্মানির। প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। কিন্তু সেই নিয়ন্ত্রণকে গোলে রূপ দিতে পারেনি ক্লপের দল। দ্বিতীয়ার্ধে বরং জার্মানির রক্ষণে ভুলের সুযোগ নিয়ে বিপজ্জনক হয়ে ওঠে গ্রিস।

৫৩ মিনিটে জশুয়া কিমিখের ফ্রি-কিক ঠেকিয়ে দেন গ্রিক গোলরক্ষক কনস্টানতিনোস জোলাকিস। এর এক মিনিট পর ফেলিক্স এনমেচার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে কিমিখের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলের সুযোগ পেয়েছিলেন বদলি নামা ফোটিস ইয়োনিদিস, তার শট অল্পের জন্য বাইরে যায়। আট মিনিট পর আর ভুল করেনি গ্রিস।

এই হার জার্মানির বিপক্ষে গ্রিসের জন্যও ঐতিহাসিক। দুই দলের ১১তম দেখায় প্রথমবার জার্মানিকে হারাল তারা। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারানো গ্রিস দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। জার্মানির সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।

জুলাইয়ে জার্মানির দায়িত্ব নেওয়া ক্লপের অভিষেক হয়েছিল গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে। ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে থেকেও যোগ করা সময়ে কোডি গাকপোর গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে জার্মানি। ফলে দুই ম্যাচে ক্লপের হিসাব এখন এক ড্র ও এক হার।

গ্রিসের বিপক্ষে হারকে অবশ্য পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন ক্লপ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচটি না জিতলেও আমি মেনে নিতে পারতাম, কিন্তু এমন ম্যাচ হারা যায় না। আমরা মাত্র এক সপ্তাহ ধরে একসঙ্গে আছি, সবকিছু ঠিক হতে সময় লাগবে।’

ক্লপ আরও বলেন, ‘ফলটা অবশ্যই ভালো নয়, তবে এটা পুরোপুরি প্রক্রিয়ারই অংশ।’

বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর জুলাইয়ে ইউলিয়ান নাগেলসমানের জায়গায় জার্মানির দায়িত্ব নেন ক্লপ। প্রথম জয় খোঁজার পরের সুযোগ বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে। এরপর তিন দিন পর আবার গ্রিসের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।