logo

রোনালদোর এমন বিদায় মেনে নিতে পারছেন না গার্দিওলা

রোনালদোর এমন বিদায় মেনে নিতে পারছেন না গার্দিওলা
পেপ গার্দিওলা-ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: কোলাজ

দীর্ঘ ২৩ বছর পর্তুগালের জার্সিতে আলো ছড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশকে জিতিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগের শিরোপা। অথচ কোচের সঙ্গে সম্পর্কের তিক্ততার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর এমন বিদায় মেনে নিতে পারছেন না পেপ গার্দিওলা। তার মতে, পর্তুগালের ফুটবলে এত বড় অবদান রাখা একজন খেলোয়াড়ের বিদায় হওয়া উচিত উৎসবের মধ্য দিয়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে রোনালদোর বিদায় প্রসঙ্গে কথা বলেছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ। অতীতের সব তিক্ততা ভুলে রোনালদোকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বিদায় জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

গার্দিওলা বলেন, ‘ক্রিশ্চিয়ানো এভাবে পর্তুগাল জাতীয় দল ছাড়তে পারে না।’

স্প্যানিশ এই কোচের মতে, সম্পর্কের সুন্দর সমাপ্তি নিশ্চিত করতে রোনালদো ও পর্তুগিজ ফুটবল ফেডারেশন, উভয় পক্ষকেই উদ্যোগ নিতে হবে। বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা অনুভব করার সুযোগ পাওয়া উচিত রোনালদোর।

গার্দিওলার কাছে এই বিদায় শুধু রোনালদোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, পর্তুগালের ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্যও তা বিশেষ তাৎপর্য বহন করে। রোমারিও, লিওনেল মেসি ও পাওলো মালদিনির উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন, কিংবদন্তি ফুটবলারদের যথাযোগ্য সম্মানের সঙ্গে বিদায় জানানোর দৃষ্টান্ত দেখুক পরবর্তী প্রজন্ম।

এক-দুই মাসের ঘটনা কিংবা কয়েকজনের সঙ্গে মতবিরোধ দিয়ে একজন ফুটবলারের পুরো ক্যারিয়ারের বিচার করা উচিত নয় বলেও মনে করেন গার্দিওলা।

গত ২৪ সেপ্টেম্বর নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে পর্তুগালের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন রোনালদো। এরপর নরওয়ের বিপক্ষে ওয়ার্মআপ করেও মাঠে নামার সুযোগ না পাওয়ায় কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন ৩০ সেপ্টেম্বর কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান তিনি। অবশেষে গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে দুটি সংখ্যাই বিশ্বরেকর্ড। গত ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে তাকে বিশেষভাবে সম্মান জানিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকদের করতালির পাশাপাশি স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা। তবে সেই আয়োজনে উপস্থিত ছিলেন না রোনালদো।

দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, রোনালদোর জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনো রয়েছে। তবে সেই ম্যাচের দিনক্ষণ কিংবা প্রতিপক্ষ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অতীতের তিক্ততা ভুলে পর্তুগালের জার্সিতে রোনালদোর বর্ণাঢ্য অধ্যায়ের সুন্দর সমাপ্তি ঘটুক, সেটিই চান গার্দিওলা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট