logo

৯০৮ দিনের অপেক্ষা ঘুচিয়ে রোনালদোর হ্যাটট্রিক

৯০৮ দিনের অপেক্ষা ঘুচিয়ে রোনালদোর হ্যাটট্রিক
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: গেটি ইমেজ

দীর্ঘ ৯০৮ দিন পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে আল ওয়েহদার বিপক্ষে তিন গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার মাত্র ১৫ মিনিটের ঝড়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে গেলেন ক্যারিয়ারের ৯৮৫ গোলে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে আল খোলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল নাসর। এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে এখন রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগের দ্বাদশ রাউন্ডে ঘরের মাঠে আল খোলুদের মুখোমুখি হয় আল নাসর। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ম্যাচের ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেজের গোলে এগিয়ে যায় আল খোলুদ। আট মিনিট পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল সমতা ফেরান। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোয়ান এসোম্বার গোলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারতেন রোনালদো। ম্যাচের ১০ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে ভিএআরে বাতিল হয় তার গোল। তবে দ্বিতীয়ার্ধে সেই আক্ষেপ ভালোভাবেই ঘুচিয়েছেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।

৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। ছয় মিনিট পর একই সতীর্থের ক্রসে হেডে ব্যবধান বাড়ান। এরপর ৮১ মিনিটে সাদিও মানের পাস কাজে লাগিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

ম্যাচে রোনালদোর পাশাপাশি উজ্জ্বল ছিলেন ফেলিক্সও। আল নাসরের পাঁচ গোলের চারটিতেই অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। শেষ দিকে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ডমিঙ্গেজ নিজের দ্বিতীয় গোল করলেও আল খোলুদের হার এড়ানো সম্ভব হয়নি।

এটি রোনালদোর ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৪ মে আল ওয়েহদার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও তিন গোল করে নিজের গোলসংখ্যা নিয়ে গেলেন ৯৮৫-তে। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি হ্যাটট্রিক করতে পেরে আনন্দও জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।