logo

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো
ব্যালন ডি’অরের বিশেষ এই ভোটে মেসিকে পিছনে ফেলেছেন রোনালদো। ছবি: কোলাজ

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই নতুন কিছু নয়। মাঠের সেই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এবার জায়গা পেয়েছে ব্যালন ডি’অরের বিশেষ এক ভোটে। সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নিতে আয়োজকদের চালু করা ভোটে অনেকটা এগিয়ে আছেন পর্তুগিজ মহাতারকা। তবে এই ভোটের নিয়ম নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ৬২ শতাংশ ভোট। বিপরীতে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুমের পক্ষে পড়েছে ১৩ শতাংশ ভোট। আর্জেন্টাইন তারকার ২০২৩ সালের ব্যালন ডি’অর রয়েছে ৯ শতাংশ ভোট নিয়ে পরের অবস্থানে।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ নামে এই বিশেষ আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন অন্তত দুবার ব্যালন ডি’অর জেতা ১০ জন কিংবদন্তি। মেসি ও রোনালদোর পাশাপাশি তালিকায় আছেন রোনালদো নাজারিও, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো তারকারা। ভোট দিতে হচ্ছে তাদের ব্যালন ডি’অরজয়ী নির্দিষ্ট কোনো বছরকে।

তবে ভোট দেওয়ার পদ্ধতিই এই আয়োজনের সবচেয়ে আলোচিত বিষয়। ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইট অনুযায়ী, প্রতিটি ভোটের জন্য খরচ করতে হচ্ছে এক ইউরো। একজন সমর্থক চাইলে একই খেলোয়াড়কে একাধিকবার ভোট দিতে পারবেন। তবে প্রতিবারই দিতে হবে নির্ধারিত অর্থ।

এমন নিয়মে ভোটের ফল কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ একজন সমর্থক একাধিক ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ফলাফলকে ফুটবলপ্রেমীদের সামগ্রিক মতামতের প্রতিফলন বলা কঠিন। তা ছাড়া এখানে খেলোয়াড়দের মোট জনপ্রিয়তা নয়, তাদের পুরস্কারজয়ী আলাদা আলাদা বছরকে ভোট দেওয়া হচ্ছে।

রোনালদোর সবচেয়ে বেশি ভোট পাওয়া ২০০৮ সালটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সফল সময়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সেবার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তিনি। ২০০৭-০৮ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪২ গোল। সেই পারফরম্যান্সেই প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ তারকা।

অন্যদিকে মেসির ২০১২ সালও ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ওই পঞ্জিকাবর্ষে ৯১ গোল করেছিলেন তিনি, যা এক বছরে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড। সেবার টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি, রোনালদো পাঁচবার। তবে তাদের সেই অর্জনের সঙ্গে চলমান ভোটের সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি মূল ব্যালন ডি’অর নির্বাচনের বাইরে সমর্থকদের জন্য আলাদা আয়োজন।

আগামী ২৭ অক্টোবর প্যারিস সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে এই ভোট। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে পরদিন। ভোটে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও।