logo

ফিলিস্তিনি ফুটবলারের বিরুদ্ধে ভারতের গুরুতর অভিযোগ

ফিলিস্তিনি ফুটবলারের বিরুদ্ধে ভারতের গুরুতর অভিযোগ
ভারত-ফিলিস্তিন ফুটবল ম্যাচের দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাঠে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছে এক ফুটবলারকে। তবে ভারত ও ফিলিস্তিনের অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচ ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে অন্য একটি ঘটনায়। ভারতীয় অধিনায়কের উদ্দেশে বর্ণবাদী অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে ফিলিস্তিনের এক ফুটবলারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। যদিও বর্ণবাদী আচরণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফিলিস্তিনি ফুটবলার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে মুখোমুখি হয় ভারত ও ফিলিস্তিন। গ্রুপ 'ই'-এর ম্যাচে ফিলিস্তিনকে ৪-১ গোলে হারায় ভারত। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

Advertisement

অভিযোগ অনুযায়ী, ম্যাচ চলাকালে ভারতের অধিনায়ক দালালমুয়োন গাংতের সামনে দিয়ে যাওয়ার সময় নাকের কাছে হাত নাড়ান ফিলিস্তিনের মিডফিল্ডার তাহা সুয়েইদান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাংতের কাছাকাছি গিয়ে নিজের নাকের সামনে হাত নাড়ছেন তিনি।

ভারতীয় ফুটবলারের শরীর থেকে দুর্গন্ধ আসছে বলে ইঙ্গিত করতে এমন অঙ্গভঙ্গি করা হয়েছে, এমন অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে এটিকে দক্ষিণ এশীয়দের প্রতি অবমাননাকর ধারণার প্রকাশ হিসেবেও ব্যাখ্যা করেন। তবে অঙ্গভঙ্গিটির উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে ভিন্ন বক্তব্য রয়েছে।

ঘটনাটি নিয়ে মাঠেই দুই ফুটবলারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দক্ষিণ কোরিয়ার রেফারি কো মিনকুক এগিয়ে এসে তাঁদের সতর্ক করেন।

ঘটনার পরদিন বুধবার (১৮ নভেম্বর) এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার কথা জানায় ভারতীয় ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে এআইএফএফ জানায়, ১৭ নভেম্বরের ভারত-ফিলিস্তিন ম্যাচে ভারতীয় অধিনায়ক দালালমুয়োন গাংতের প্রতি ফিলিস্তিনি এক ফুটবলারের কথিত বর্ণবাদী অঙ্গভঙ্গির বিষয়ে এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।

সংস্থাটি এএফসিকে ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং প্রযোজ্য বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে এআইএফএফ আরও জানায়, যেকোনো ধরনের বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ফুটবলের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্য প্রতিযোগিতা ও খেলোয়াড়সুলভ আচরণ। তাই খেলায় বর্ণবাদ কিংবা বৈষম্যের কোনো স্থান নেই।

তবে অভিযোগের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফিলিস্তিনের ১৫ বছর বয়সী ফুটবলার তাহা সুয়েইদান। জার্মানির ইউনিয়ন বার্লিনের বয়সভিত্তিক দলে খেলা এই মিডফিল্ডারের দাবি, তার অঙ্গভঙ্গির সঙ্গে বর্ণবাদের কোনো সম্পর্ক নেই। মালয়েশিয়ার প্রচণ্ড আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি অনুভব করায় স্বতঃস্ফূর্তভাবে এমন করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে সুয়েইদান জানিয়েছেন, তার আচরণ নিয়ে এত সমালোচনা ও অভিযোগ ওঠায় তিনি বিস্মিত।

ফিলিস্তিনি ফুটবলারের ভাষায়, ‘আমাদের মধ্যে কোনো ঝগড়া, সংঘাত কিংবা অপমানজনক কথা বিনিময় হয়নি। মালয়েশিয়ার অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি অনুভব করছিলাম। সেই অস্বস্তি থেকেই স্বতঃস্ফূর্তভাবে অঙ্গভঙ্গিটি করেছিলাম।’

তিনি আরও জানান, ঘটনাটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে বুঝতে পেরে ম্যাচ শেষে গাংতের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় অধিনায়ককে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও তাকে জানিয়েছেন।

সুয়েইদান বলেন, ‘যারা বিষয়টি নিয়ে আরও জানতে চান, তাদের সরাসরি দালালমুয়োনের সঙ্গে কথা বলার আহ্বান জানাই। তাকে জিজ্ঞাসা করুন, ম্যাচ চলাকালে আমি কোনো বর্ণবাদী বা অপমানজনক মন্তব্য করেছিলাম কি না কিংবা আমাদের মধ্যে কোনো ঝগড়া বা সংঘাত হয়েছিল কি না।’

তার দাবি, দুই দলের খেলোয়াড়েরা একই হোটেলে অবস্থান করছেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে সুয়েইদান বলেন, ‘আমি সব ধরনের বর্ণবাদের বিরোধিতা করি। একটি স্বতঃস্ফূর্ত ও নিরীহ অঙ্গভঙ্গিকে এভাবে ব্যাখ্যা করা হচ্ছে দেখে আমি দুঃখিত।’

এদিকে ঘটনাটি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন ফিলিস্তিন দলের ম্যানেজার মোহাম্মদ জোমা আল-আরুরি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, ম্যাচ শেষে সুয়েইদানকে সঙ্গে নিয়ে ভারতীয় অধিনায়কের কাছে গিয়েছিলেন তিনি।

আল-আরুরির দাবি, হোটেলে গাংতের সঙ্গে দেখা করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন সুয়েইদান। একই সঙ্গে নিজের অঙ্গভঙ্গির ব্যাখ্যাও দেন। ভারতীয় অধিনায়ক সেই ব্যাখ্যা গ্রহণ করেন এবং পরে দুজন করমর্দন করেন বলে দাবি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তা।

তবে এই বক্তব্য ফিলিস্তিন দলের ম্যানেজারের নিজের বিবরণ। গাংতের পক্ষ থেকে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

ভারতের অধিনায়ক গাংতের ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসিও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তবে শুধু বর্ণবাদের অভিযোগই নয়, ম্যাচে আরও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রথমার্ধের একেবারে শুরুতে ভারতের রাজ সিং ওয়াহেংবামকে বিপজ্জনকভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ফিলিস্তিনের মোহাম্মদ জামহুর।

ম্যাচের ১১ মিনিটের দিকে রাজ সিংকে ফাউল করার পর মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে আরও লাথি মারেন জামহুর। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ফিলিস্তিনকে।

ঘটনাটির জন্য ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেন ফিলিস্তিনের কোচ ইউসেফ শারবাজি। স্থানীয় সম্প্রচারমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে খেলোয়াড়টির আচরণের জন্য ক্ষমা চেয়েছি। এমনটা করার কোনো কারণ ছিল না।’

মাঠের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল ভারত। অষ্টম মিনিটে কামগৌহাও দৌঙ্গেলের গোলে এগিয়ে যায় তারা। তবে একজন কম নিয়ে খেলেও ৩২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় ফিলিস্তিন। গোল করেন অধিনায়ক ইয়াজান খলিফা।

বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতেও দুই ঘণ্টার বেশি দেরি হয়। ভারী বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় দুই দলকেই দীর্ঘ সময় ড্রেসিংরুমে অপেক্ষা করতে হয়।

খেলা পুনরায় শুরু হওয়ার পর অবশ্য আধিপত্য দেখায় ভারত। ৫২ মিনিটে মুকুন্দো সিংয়ের গোলে আবার এগিয়ে যায় তারা। এরপর ৫৯ মিনিটে অধিনায়ক গাংতে এবং ৮৯ মিনিটে জোরামদিনথারা লালহুনমাউইয়ার গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এই জয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ 'ই'-এর শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। আগামী বছর উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার কাছাকাছিও পৌঁছে গেছে দলটি।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে হার এড়াতে পারলেই মূল পর্বে জায়গা নিশ্চিত হবে তাদের।

তবে বড় জয়ের আনন্দের মধ্যেও বর্ণবাদের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ফুটবলে। সংবাদ সংস্থা রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের বিষয়ে এখনো এএফসির কোনো প্রকাশ্য সিদ্ধান্ত আসেনি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট