logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ফুটবলের বাইরে আরেক বিশ্বকাপে জায়গা করে নিলেন স্কালোনি

ফুটবলের বাইরে আরেক বিশ্বকাপে জায়গা করে নিলেন স্কালোনি
এবার সাইক্লিং প্রতিযোগিতার বিশ্বমঞ্চে নামার যোগ্যতা অর্জন করেছেন স্কালোনি। ছবি: ইনফোবায়ে

লিওনেল স্কালোনির বিশ্বকাপ জয়ের গল্পটা ফুটবলপ্রেমীদের ভালোই জানা। তার অধীনেই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার ফুটবলের বাইরেও বিশ্বমঞ্চে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছেন এই আর্জেন্টাইন কোচ। নিজ দেশে অনুষ্ঠিত একটি সাইক্লিং প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভাগে তৃতীয় হয়ে ২০২৭ সালের গ্রান ফন্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন স্কালোনি।

জাতীয় দলের ব্যস্ততা শেষে নিজের প্রিয় শখ সাইক্লিং নিয়ে মেতে উঠেছিলেন স্কালোনি। রোববার (২২ নভেম্বর) আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘গ্রান ফন্দো সিয়েতে লাগোস’ প্রতিযোগিতায় অংশ নেন ৪৮ বছর বয়সী এই কোচ। এবারের আসরে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার সাইক্লিস্ট অংশ নেন।

Advertisement

সান মার্টিন দে লস আন্দেস থেকে ভিয়া লা আঙ্গোস্তুরা পর্যন্ত ১১০ কিলোমিটারের পথ পাড়ি দিতে স্কালোনির সময় লেগেছে ২ ঘণ্টা ৫১ মিনিট ৫৪ সেকেন্ড। পুরুষদের ৪৫ থেকে ৪৯ বছর বয়সীদের বিভাগে ১৭৯ প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন তিনি। আর সামগ্রিক ফলাফলে তার অবস্থান ৪০তম।

নিজ বয়সভিত্তিক বিভাগে দ্বিতীয় স্থানে থাকা ক্লদিও মার্সেলো আরোনের চেয়ে মাত্র ২ দশমিক ৯৬ সেকেন্ড পিছিয়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। এই বিভাগে প্রথম হয়েছেন হুয়ান কার্লোস তারিফা।

পাহাড়, বন ও সাতটি হ্রদের পাশ দিয়ে যাওয়া এই প্রতিযোগিতার পথটিও বেশ চ্যালেঞ্জিং। ১১০ কিলোমিটারের যাত্রায় প্রায় ১ হাজার ৭৬৮ মিটার উচ্চতা আরোহন করতে হয়েছে প্রতিযোগীদের। সেই কঠিন পথ পাড়ি দিয়েই পদক জিতেছেন স্কালোনি।

তবে স্কালোনির এই সাফল্যকে আরও বিশেষ করে তুলেছে প্রতিযোগিতাটির এবারের মর্যাদা। ১৫তম আসরে এসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়নের (ইউসিআই) গ্রান ফন্দো ওয়ার্ল্ড সিরিজে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিযোগিতাটি। আর্জেন্টিনার মাটিতে এটিই এই বিশ্ব সিরিজের প্রথম আয়োজন।

ইউসিআইয়ের নিয়ম অনুযায়ী, বাছাইপর্বের প্রতিযোগিতাগুলোতে প্রতিটি বয়সভিত্তিক বিভাগের শীর্ষ ২৫ শতাংশ সাইক্লিস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। এ ছাড়া প্রতিটি বিভাগের প্রথম তিনজন সরাসরি যোগ্যতা অর্জন করেন। ফলে তৃতীয় হয়ে বিশ্বমঞ্চে নামার সুযোগ পেয়েছেন স্কালোনি।

আগামী বছরের ২২ থেকে ২৪ আগস্ট ফ্রান্সের ওত-সাভোয়া অঞ্চলে অনুষ্ঠিত হবে গ্রান ফন্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মূলত অপেশাদার সাইক্লিস্টদের বয়সভিত্তিক বিভাগে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ করে দিতেই আয়োজিত হয় এই প্রতিযোগিতা।

আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ১২ দশমিক ৭ কিলোমিটারের ব্যক্তিগত টাইম ট্রায়াল। এরপর ২৪ আগস্ট হবে ১১৫ কিলোমিটারের মূল রোড রেস। ফরাসি আল্পসের পাহাড়ি পথে এই প্রতিযোগিতায় প্রায় ৩ হাজার ২৫৬ মিটার উচ্চতা আরোহন করতে হবে সাইক্লিস্টদের।

অবশ্য যোগ্যতা অর্জন করলেও স্কালোনি সেখানে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে তার পেশাগত ব্যস্ততা এবং প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করার ওপর নির্ভর করছে সেটি।

স্কালোনির সাইক্লিংপ্রীতি অবশ্য নতুন কিছু নয়। ২০২৪ সালেও একই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এবারও তার সঙ্গী ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ ও সাবেক তারকা ফুটবলার পাবলো আইমার। তিনিও প্রতিযোগিতার পথ সম্পন্ন করেছেন। এ ছাড়া স্কালোনির কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালাও অংশ নিয়েছেন এই আয়োজনে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট