ব্রাজিলের ফুটবলে নতুন মার্সেলোর আগমনী বার্তা

কাফু, রবার্তো কার্লোস, দানি আলভেজ, মার্সেলো। একসময় বিশ্বসেরা ফুলব্যাকদের আঁতুড়ঘর ছিল ব্রাজিল। রক্ষণের দায়িত্ব সামলে আক্রমণেও প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠতেন তারা। অথচ মার্সেলো ও আলভেজের বিদায়ের পর তাদের মানের ফুটবলারের সন্ধানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশেষ করে বাঁ প্রান্তে মার্সেলোর মতো প্রভাব রাখতে পারেন, এমন ফুটবলারের অভাব দীর্ঘদিনের। এবার সেই অপেক্ষার অবসানের সম্ভাবনা দেখা যাচ্ছে কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে।
রিচার্ড ওয়েন্ডেল। মাত্র ১৭ বছর বয়সেই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন ব্রাজিলের এই লেফটব্যাক। একই ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা, ফুটসাল দিয়ে ফুটবলে হাতেখড়ি, আক্রমণাত্মক ফুটবলের প্রতি ঝোঁক, সব মিলিয়ে ওয়েন্ডেলের মধ্যে যেন মার্সেলোরই ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। ছোটবেলার আদর্শ মার্সেলোর কাছ থেকে সরাসরি পরামর্শও পেয়েছেন এই তরুণ।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম তিনটি গোলেই সরাসরি অবদান রেখেছেন ওয়েন্ডেল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। এরপর তানজানিয়ার বিপক্ষে ১৫তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে এক ম্যাচ হাতে রেখেই ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত করেন ফ্লুমিনেন্সের এই তরুণ।
ওয়েন্ডেলের ফুটবলযাত্রার সঙ্গে মার্সেলোর বেশ মিল রয়েছে। ২০১৪ সালে ফ্লুমিনেন্সের ফুটসাল একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে সে বছরই ব্রাজিলের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মার্সেলো।
ওয়েন্ডেলের বাবা আলেক্সসান্দারও ছিলেন ফ্লুমিনেন্সের ফুটসাল খেলোয়াড়। বাবার পরিচিত জর্জ মাচেদোর আমন্ত্রণেই ক্লাবটির ফুটসাল একাডেমিতে সুযোগ পান ওয়েন্ডেল। ছোটবেলায় ফুটবলের পাশাপাশি জিউ-জিৎসু চর্চা করতেন তিনি। তবে একসময় পুরোপুরি ফুটবলকেই বেছে নেন।
ফুটসালের ছোট পরিসরে খেলার অভিজ্ঞতা এখন বড় মাঠে কাজে লাগাচ্ছেন ওয়েন্ডেল। বল নিয়ন্ত্রণ, অল্প জায়গায় প্রতিপক্ষকে ড্রিবলিংয়ে পরাস্ত করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা গেছে তার সেই দক্ষতার ঝলক।
ফ্লুমিনেন্সের একাডেমিতে অনুশীলনের সময় প্রতিনিয়তই ছোটবেলার আদর্শের নাম চোখে পড়ে ওয়েন্ডেলের। জেরেমে ক্লাবটির অনুশীলন মাঠের নাম এস্তাদিও মার্সেলো ভিয়েরা। সেখানেই নিজেকে গড়ে তুলছেন মার্সেলোর মতো ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে।
ছোটবেলার আদর্শের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাতের সুযোগও হয়েছে ওয়েন্ডেলের। ফ্লুমিনেন্সের অনুশীলন কেন্দ্রে এসে তরুণ এই লেফটব্যাককে খেলার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েন্ডেল বলেন, ‘মার্সেলো আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার পজিশনে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে তিনি আমাকে পরামর্শ দিয়েছেন।’
মার্সেলোর মতোই রক্ষণের দায়িত্ব সামলে আক্রমণে উঠে যেতে পছন্দ করেন ওয়েন্ডেল। গতি, ড্রিবলিং ও নিখুঁত ক্রস দেওয়ার সামর্থ্য তার খেলার অন্যতম শক্তি। শুধু সতীর্থদের দিয়ে গোল করানো নয়, সুযোগ পেলে নিজেও প্রতিপক্ষের জাল খুঁজে নিতে পারেন এই লেফটব্যাক। তানজানিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে যার প্রমাণও দিয়েছেন তিনি।
শুধু ফুটবলীয় দক্ষতা নয়, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ দিয়েও ক্লাবের আস্থা অর্জন করেছেন ওয়েন্ডেল। চলতি মৌসুমে ফ্লুমিনেন্সের অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
GOL TRICOLOR NA COPA DO MUNDO SUB-17! 🇭🇺🇧🇷 Richard Wendeeeeeeell! O #MlkDeXerém brilhou mais uma vez! Depois de duas assistências na estreia, ele marcou o gol da vitória do Brasil por 1 a 0 sobre a Tanzânia, na Copa do Mundo Sub-17! Parabéns, brabo! 📸: Nelson Terme/CBF https://t.co/MP9tLjcDAX
— Fluminense F.C. (@FluminenseFC) November 24, 2026
গত বছর চীনে অনুষ্ঠিত ফিউচার স্টার কাপ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লুমিনেন্স। ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা ও অলিম্পিক মার্শেইয়ের মতো ইউরোপিয়ান ক্লাবের বয়সভিত্তিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ছিলেন ওয়েন্ডেলও।
২০২৫ সালের ৬ আগস্ট মাত্র ১৬ বছর বয়সে ওয়েন্ডেলের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করে ফ্লুমিনেন্স। ২০২৮ সালের মে পর্যন্ত চুক্তি রয়েছে তার। এরই মধ্যে ক্লাবের অনূর্ধ্ব-২০ দলেও জায়গা করে নিয়েছেন এই লেফটব্যাক। বয়সভিত্তিক ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার মূল দলের দরজায় কড়া নাড়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
ওয়েন্ডেলের পরবর্তী স্বপ্ন ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফ্লুমিনেন্সের মূল দলের হয়ে অভিষেক। যে মাঠে ২০২৩ সালে মার্সেলো জিতেছিলেন কোপা লিবার্তাদোরেসের শিরোপা।
তবে ক্লাব ফুটবলেই সীমাবদ্ধ নয় তার স্বপ্ন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে ২০৩০ সালের বিশ্বকাপে ব্রাজিলের মূল দলের হয়ে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন ওয়েন্ডেল। তখন তার বয়স হবে মাত্র ২১ বছর।
আপাতত অবশ্য কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেই মনোযোগ এই তরুণের। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। ছয় গোল করার বিপরীতে মাত্র একটি গোল হজম করেছে চারবারের চ্যাম্পিয়নরা।
কার্ডজনিত নিষেধাজ্ঞায় কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি ওয়েন্ডেল। নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মোজাম্বিকের বিপক্ষে আবারও মাঠে নামার সুযোগ পাবেন তিনি।
মার্সেলোর উচ্চতায় পৌঁছাতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে ওয়েন্ডেলকে। বয়সভিত্তিক ফুটবলের সাফল্যকে মূল দলের ফুটবলে নিয়ে যাওয়াও সহজ নয়। তবে দীর্ঘদিন ধরে বিশ্বমানের ফুলব্যাকের সন্ধানে থাকা ব্রাজিলকে নতুন করে স্বপ্ন দেখানোর মতো যথেষ্ট উপাদান রয়েছে এই তরুণের মধ্যে।



