logo

দেড় কোটি টাকার বেশি পুরস্কার নিয়ে মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ

দেড় কোটি টাকার বেশি পুরস্কার নিয়ে মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ
এবিজি মিডিয়া কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ছবি: ভিডিও থেকে নেওয়া

চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ দল ২৫ লাখ। শুধু শিরোপার লড়াই নয়, গ্রুপ পর্ব থেকেই প্রতিটি ম্যাচে থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি সংবাদ পরিবেশন ও কনটেন্ট তৈরিতেও রয়েছে লাখ টাকা জয়ের সুযোগ। সব মিলিয়ে দেড় কোটি টাকার বেশি অর্থ পুরস্কার নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি ঘোষণা করেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

Advertisement

ঘোষিত পুরস্কারের হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত শুধু দলীয় পুরস্কার ও ম্যাচ ফি বাবদই থাকছে ১ কোটি ৩৫ লাখ টাকা। গ্রুপ পর্বের ১২০ ম্যাচে বিজয়ী দল ২৫ হাজার ও পরাজিত দল ১০ হাজার টাকা করে পাবে। এই পর্বেই বিতরণ করা হবে ৪২ লাখ টাকা।

দ্বিতীয় পর্বের আট ম্যাচে বিজয়ী ও পরাজিত দল পাবে যথাক্রমে ৩৫ ও ১৫ হাজার টাকা করে। কোয়ার্টার ফাইনালে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১ লাখ ও ৫০ হাজার টাকা। সেমিফাইনালে বিজয়ী দল পাবে আড়াই লাখ এবং পরাজিত দল দেড় লাখ টাকা।

টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) জন্য থাকছে ২ লাখ টাকা। ফেয়ার প্লে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের জন্য দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।

মাঠের বাইরেও থাকছে অর্থ পুরস্কার জয়ের সুযোগ। টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে সেরা প্রতিবেদন এবং সেরা মাল্টিমিডিয়া কনটেন্টের জন্য দেওয়া হবে ২ লাখ টাকা করে। সর্বাধিক দেখা সাধারণ কনটেন্টের জন্য ৩ লাখ ও সেরা আলোকচিত্রীর জন্য থাকছে ১ লাখ টাকা।

ম্যাচসেরার পুরস্কারের অর্থমূল্য বাদ দিয়েই ঘোষিত অঙ্কের যোগফল দাঁড়াচ্ছে ১ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা।

ভবিষ্যতে পুরস্কারের অঙ্ক আরও বাড়ানোর প্রত্যাশা জানিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমাদের জন্য এটা তো কেবল শুরু। আপনারা দোয়া করেন যেন আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে, আরো ভালো করে টুর্নামেন্টটি করতে পারি এবং আগামী বছরগুলো থেকে প্রাইজ মানি ও বোনাস মানি কোটির ঘরে নিয়ে যেতে পারি।’

আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নেবে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি পত্রিকা, ১০টি অনলাইন সংবাদমাধ্যম ও একটি রেডিও স্টেশন। আট গ্রুপে ভাগ হয়ে লড়বে প্রতিষ্ঠানগুলো।

‘ডি’ গ্রুপে এশিয়া পোস্টের প্রতিপক্ষ ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ, স্টার নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও নয়া দিগন্ত। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সেভেন-এ-সাইড পদ্ধতিতে।

আগামী ১৭ ডিসেম্বর পর্দা নামবে দেশের গণমাধ্যমকর্মীদের এই ফুটবল উৎসবের।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট