logo

টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
শিরোপা হাতে স্পেন অনূর্ধ্ব-২০ নারী দল। ছবি: এপি

১২০ মিনিটেও গোল হলো না। শেষ পর্যন্ত টাইব্রেকারেই মীমাংসা হলো নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালের। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন।

পোল্যান্ডের লজে রোববারের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল। টাইব্রেকারে স্পেনের জয়ের নায়ক গোলরক্ষক লাইয়া লোপেজ। উত্তর কোরিয়ার চো ইয়োন-আ ও পাক ইল-সিমের দুটি শট ঠেকিয়ে দেন তিনি।

ফাইনালটি স্টেডিয়ামে বসে দেখেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এটি স্পেনের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

স্প্যানিশ ফুটবলের জন্য এই সাফল্য আরেকটি বিশ্বশিরোপা যোগ করল। দেশটির সিনিয়র নারী ও পুরুষ দলও বর্তমানে নিজ নিজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।

শিরোপা হারালেও এবারের আসরে বিরল এক কীর্তি গড়েছে উত্তর কোরিয়া। পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি তারা। নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে বর্তমান রানার্সআপরা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ইতালিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কলম্বিয়া।