logo

ভারতের মহারাষ্ট্রে নতুন কর্মসূচির ঘোষণা সিজেপির

ভারতের মহারাষ্ট্রে নতুন কর্মসূচির ঘোষণা সিজেপির
সিজেপি নেতা অভিজিৎ দিপকে। ফাইল ছবি: এএনআই

ভারতের সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে সমাবেশের ঘোষণা দিয়েছে ককরেচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ২৬ নভেম্বর ভারতের সংবিধান দিবস উপলক্ষে ‘সেভ ডেমোক্রেসি, সেভ কনস্টিটিউশন’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সংগঠনটির কর্মী অভিজিৎ দিপকে জানান, মহারাষ্ট্রের নির্বাচনে ভোটার তালিকা ও ভোটের তথ্য হালনাগাদ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, একনাথ শিন্ডের নির্বাচনের সময় একটি নির্বাচনি এলাকায় শেষ এক ঘণ্টায় প্রায় ৮৯ হাজার ভোটের তথ্য হালনাগাদ করা হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

নির্বাচনে অংশ নেবে না সিজেপি

উত্তর প্রদেশসহ সামনে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে সংগঠনটির অবস্থানও তুলে ধরেন দিপকে। তিনি জানান, সিজেপি সরাসরি কোনো নির্বাচনে অংশ নেবে না এবং কোনো রাজনৈতিক দলকেও সমর্থন করবে না।

তবে নির্বাচনি রাজনীতিতে তরুণদের বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়ার পক্ষে সংগঠনটি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বেকারত্ব, সেমিকন্ডাক্টর শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি ও পরিবহন খাতের উন্নয়নকে নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরতে চায় তারা। ধর্মীয় মেরুকরণ কিংবা মন্দির-মসজিদকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন দিপকে।

তরুণ কর্মীর বিদেশযাত্রায় বাধার অভিযোগ

এদিকে সিজেপির ২৭ বছর বয়সি কর্মী সৌরভ দাসকে দিল্লি বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন দিপকে। তার দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার কথা থাকলেও সৌরভকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

গত ২৪ নভেম্বর মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ওয়ালুজে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দিপকে বলেন, বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির পরও বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসিকে দেশ ছাড়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়নি। অথচ ২৭ বছর বয়সি একজন আইনবিষয়ক সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের একটি সম্মেলনে যোগ দিতে যেতে দেওয়া হয়নি।

তিনি বলেন, ওই সম্মেলনে সিজেপি এবং তাদের আন্দোলনে বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর দর্শনের প্রভাব নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল সৌরভের।

দিপকের অভিযোগ, তরুণ নেতারা বিদেশে গিয়ে দেশের বাস্তব পরিস্থিতি ও সরকারের ব্যর্থতার কথা তুলে ধরলে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিজের বিরুদ্ধেও অতীতে প্রশাসনিক হয়রানির অভিযোগ তোলেন দিপকে। তিনি জানান, গত ১০ অক্টোবর তিরঙ্গা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে তাকে একটি উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আটক ও গ্রেপ্তার করা হয়।

দিপকের দাবি, ওই কর্মসূচিকে ঘিরে দিল্লিগামী ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল এবং প্রায় ৫০ হাজার রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছিল। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়ার কারণে অরুণাচল প্রদেশ ও কাশ্মীর সীমান্তের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) প্রধানও উদ্বেগ জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

শিক্ষা ও কর্মসংস্থান সংকট নিয়ে সমালোচনা

সংবাদ সম্মেলনে ভারতের শিক্ষা ও কর্মসংস্থান খাতের বিভিন্ন সমস্যা নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সিজেপির এই কর্মী।

তিনি মহারাষ্ট্রের বীড জেলায় ৭০ জন ভুয়া শিক্ষকের নিয়োগসংক্রান্ত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন। পাশাপাশি সোনম ওয়াংচুকের স্কুলের লাইসেন্স বাতিল, নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ না দেওয়া, মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির বিষয়েও প্রশ্ন তোলেন।

দিপকের অভিযোগ, শিল্পপ্রতিষ্ঠানের বাছাই করা বেসরকারীকরণ এবং শিক্ষা খাতের বিভিন্ন সংকটের কারণে সাধারণ পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট