logo

ভারতে ৬০০ বছরের প্রাচীন মসজিদ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র

ভারতে ৬০০ বছরের প্রাচীন মসজিদ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র
মসজিদ ভাঙার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভে ওপর লাঠিচার্জ ও ইনসেটে মসজিদ ‘শাহী মসজিদ’। ছবি: অনলাইন থেকে সংগৃহিত (এডিটেড)।

২০২৮ সালে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের ‘সিংহস্থ কুম্ভমেলা’ । ওই মেলায় পূণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে একটি সড়ক চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। আর এতে ভাঙা পড়বে প্রায় ৬০০ বছরের পুরনো প্রাচীন ‘শাহী মসজিদ’(জামে মসজিদ) এর একাংশ।

জানা গেছে, মসজিদটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব অক্ষুণ্ন রাখার আর্জি জানিয়ে স্থানীয় ওয়াকফ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চে সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

এ নিয়ে উদ্বেগ বাড়ে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে। আদালতের আদেশের পর রোববার দিবাগত মধ্যরাতে পৌর নিগমের টিম ভারী বুলডোজার নিয়ে শাহী মসজিদের সীমানায় পৌঁছালে শত শত স্থানীয় মানুষ উপাসনালয়টি রক্ষার তাগিদে রাজপথে নেমে আসেন। মসজিদটির সামনের প্রায় ১০ থেকে ১২ ফুট অংশ ভেঙে ফেলার সিদ্ধান্তের ঘটনায় মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ করেন।

অভিযোগ উঠেছে, পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ ও হামলা চালায়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গভীর রাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় সেখানে চার কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে ঐতিহ্যের ক্ষতি না করে বিকল্প নকশার দাবিতে অনড় স্থানীয় বাসিন্দারা।