মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৪৯, আহত ৯০

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সামরিক জান্তার পৃথক বিমান ও গোলাবর্ষণে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ জনের বেশি। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) এসব হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও একজন ত্রাণকর্মীর বরাত দিয়ে রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত ম্রাউক-ইউ শহরে শনিবার দুটি দফায় বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র জানান, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলা হয়। পরে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আরও দুটি বোমা নিক্ষেপ করা হয়।
একজন স্থানীয় ত্রাণকর্মীর তথ্য অনুযায়ী, এসব হামলায় শিশু ও বয়স্ক ব্যক্তিসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।
অন্যদিকে পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের মোবিয়ে গ্রামেও বিমান হামলা, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে যৌথ আক্রমণ চালায় জান্তা বাহিনী। শান রাজ্যের সীমান্তবর্তী গ্রামটিতে শনিবার দুপুরে হামলার সময় স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় কিন্ডারগার্টেন ও প্রথম শ্রেণির শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি।
কায়াহ রাজ্যের বিদ্রোহী নেতৃত্বাধীন অন্তর্বর্তী নির্বাহী পরিষদ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এর মাত্র দুই দিন আগে বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের একটি স্কুল প্রাঙ্গণে সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। দীর্ঘ সংঘাতে দেশটিতে প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন হিসাব তুলে ধরা হয়েছে।
এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের কয়েক দিন পরই নতুন করে এসব হামলার ঘটনা ঘটল।
তবে হামলার হতাহতের সংখ্যা ও ঘটনার বিবরণ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।



