logo

হুতির হামলা মোকাবিলায় সৌদিতে পাকিস্তানের সেনা মোতায়েন

হুতির হামলা মোকাবিলায় সৌদিতে পাকিস্তানের সেনা মোতায়েন
সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা পাকিস্তান সেনাবাহিনীর সৈন্যদের জন্য একটি বিদায় অনুষ্ঠান। ছবি: আনাদোলু এজেন্সি

ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের তেল ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদারের মধ্যে দেশটিতে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি ও পারস্পরিক সহযোগিতার কাঠামোর আওতায় এ সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার সৌদি আরবগামী সেনাসদস্যদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি, পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি এবং লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ উমর বশির।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবে এ সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির সঙ্গে পাকিস্তানের কৌশলগত অংশীদারত্ব ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি ভূখণ্ডের অভ্যন্তরে নির্ধারিত দায়িত্ব পালন করবে মোতায়েন করা সেনারা। বিদ্যমান প্রতিশ্রুতি ও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো মেনেই তাদের কার্যক্রম পরিচালিত হবে। উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিতে এ মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তান।

এদিকে, সৌদি আরবের নিরাপত্তা ও মক্কা-মদিনায় অবস্থিত পবিত্র দুই মসজিদের মর্যাদা রক্ষায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের সেনা মোতায়েনের কয়েক দিন আগে ইসলামাবাদে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

গত বছর সৌদি আরব ও পাকিস্তান তৃতীয় কোনো দেশের হামলার মুখে একে অপরকে প্রতিরক্ষায় সহায়তা করার লক্ষ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। পরে চলতি বছরের আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিটির মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে তিন দেশের নিরাপত্তা জোরদার করা।

তবে সৌদি আরবে পাঠানো পাকিস্তানি সেনার সংখ্যা, তাদের সুনির্দিষ্ট অবস্থান এবং দায়িত্বের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট