
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতির দেওয়া কড়া সতর্কবার্তার পর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।
এর আগে হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এডেন বিমানবন্দর নিয়ে এক জরুরি সতর্কবার্তা জারি করেন।
ওই সতর্কবার্তায় তিনি এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত সকল কর্মী ও সাধারণ মানুষকে অবিলম্বে বিমানবন্দর এলাকা ত্যাগ করার আহ্বান জানান।
হুতি মুখপাত্র দাবি করেন, সৌদি আরবের একটি সামরিক পরিবহন কার্গো বিমান বিমানবন্দরে পৌঁছানোর খবরের পরিপ্রেক্ষিতেই মূলত এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
ইয়াহিয়া সারের অভিযোগ, ওই কার্গো বিমানে ‘ইয়েমেনের সাধারণ জনগণকে হত্যার উদ্দেশ্যে’ বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল।


