সৌদিতে ধরপাকড়, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১২ হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে মোট ১১ হাজার ৯৫২ জনকে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন আরও ২৯ জন।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান, চাকরিতে নিয়োগ কিংবা তাদের পরিচয় গোপন রাখতে সহযোগিতা করার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
৪০ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।
এদিকে আটক ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এ ছাড়া ৯ হাজার ৮০০ জনের দেশে ফেরার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অবৈধ অভিবাসীদের সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা করার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন জব্দ করার পাশাপাশি অপরাধীর পরিচয় প্রকাশ করার বিধান রয়েছে। এ ধরনের অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখার ব্যবস্থাও রয়েছে।
অভিযোগ জানাতে হটলাইন নম্বর
আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দেশটির অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রয়েছে।
অবৈধ অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

