হিলিতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দিল প্রশাসন

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে সরকারি জমি দখল করে স্থাপনা তৈরির অভিযোগে একটি পরিবারের পাঁচ সদসকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ওই স্থাপনায় বুলডোজার চালিয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশে দাবি, তারা ‘বাংলাদেশি’। ভারতে অবৈধভাবে প্রবেশ করে পরিচয় গোপন রেখে বসবাস করছিলেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে হিলির ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজ্যের গণপূর্ত অধিদপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অভিযানে হিলি থানার পুলিশ অংশ নেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার শিবাজি সংঘের কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়।
পরদিন সকালে ওই ঘটনার তদন্তে আকাশ দাস নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি সামনে আসে বলে দাবি করা হয়েছে। এরপর আকাশের বাবা, মা, ভাই ও বোনসহ মোট পাঁচজনকে আটক করে হিলি থানার পুলিশ।
তদন্তের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন এবং পরিচয় গোপন করে সরকারি জমিতে বসবাস শুরু করেন। আটক পাঁচজনকে হোল্ডিং সেন্টারে (আটককেন্দ্র) পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজু মহন্ত বলেন, ‘গত ছয় থেকে সাত বছর ধরে একটি পরিবার এখানে বসবাস করছিল। আমরা বিষয়টি আগে জানতাম না। কালীপূজার বিসর্জনের ঘটনার পর বিষয়টি নজরে আসে এবং থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিয়েছে।’
তবে আটক ব্যক্তিদের নাগরিকত্ব, অনুপ্রবেশের সময় বা আইনি প্রক্রিয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(2)-6182f1.jpg)




