ভারতে ত্বক ফর্সার ক্রিমে কিডনি রোগ, তদন্তের নির্দেশ

ভারতের কেরালামে মাত্রাতিরিক্ত পারদযুক্ত (মার্কারি) ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে গুরুত কিডনি রোগে আক্রান্ত হয়েছেন ১৭ বছর বয়সি এক কিশোরী। একই ধরনের ক্রিম ব্যবহারের পর শারীরিক জটিলতা ও কিডনি ক্ষতির অভিজ্ঞতা জানিয়েছেন মালাপ্পুরমের পরিচিত সংগীতশিল্পী সালিম কোডাথুরও। তার অভিযোগ, ক্রিমটি ব্যবহারের পর তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
এ ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ার পর তদন্তের নির্দেশ দিয়েছে কেরালা সরকার। পাশাপাশি এ ধরনের অনুমোদনহীন ও ক্ষতিকর প্রসাধনসামগ্রীর বিক্রি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা দেখে অনলাইন থেকে কেনা একটি ফর্সা হওয়ার ক্রিম প্রায় এক বছর ধরে ব্যবহার করছিলেন মালাপ্পুরমের আরিকোড এলাকার ওই কিশোরী।
একপর্যায়ে তার পা ফুলে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া এবং দাঁড়িয়ে থাকার শক্তি হারানোর মতো উপসর্গ দেখা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামের একটি জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছেন।
পরবর্তীতে ওই ক্রিমটি পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা যায়, এতে ১২ হাজার ৫০০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) বা ১ দশমিক ২৫ শতাংশ পারদ রয়েছে। এই প্রসাধনসামগ্রীতে পারদের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা ১ পিপিএমেরও কম।
মেমব্রেনাস নেফ্রোপ্যাথি রোগে কিডনির ক্ষুদ্র ছাঁকনি ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে।
কিশোরীর অসুস্থতার খবর সামনে আসার পর মালাপ্পুরমের গায়ক সালিম কোডাথুর নিজের ভোগান্তির কথা প্রকাশ করেন। সংবাদমাধ্যম দ্য সাউথ ফার্স্ট-কে তিনি জানান, একই ধরনের ক্রিম ব্যবহারের ফলে পারদের বিষক্রিয়ায় তার রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং কিডনিতে জটিলতা দেখা দেয়।
শারীরিক অসুস্থতার কারণে প্রায় এক বছর তিনি গান ও পেশাগত কাজ থেকে দূরে থাকতে বাধ্য হন এবং এখনো পুরোপুরি সেরে ওঠেননি। সালিম আরও দাবি করেন, ওই একই ক্রিম ব্যবহার করে তার চার বন্ধুও একই ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।
বিষয়টি নজরে আসার পর কেরালামের মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসান পারদযুক্ত ফেস ক্রিমের বিক্রি খতিয়ে দেখতে এবং যথাযথ ব্যবস্থা নিতে রাজ্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্পষ্ট তথ্যবিহীন ও অনুমোদনহীন ফর্সা হওয়ার ক্রিম এবং ফেসপ্যাক ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন।
ভারতের ২০২০ সালের কসমেটিকস বিধিমালা অনুযায়ী, প্রসাধনসামগ্রীতে অনিচ্ছাকৃতভাবে পারদের উপস্থিতি প্রতি মিলিয়নে এক অংশ বা ১ পিপিএমের বেশি হওয়া যাবে না। কিন্তু কিশোরীর ব্যবহৃত ক্রিমে পারদের পরিমাণ পাওয়া গেছে ১ দশমিক ২৫ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৫০০ পিপিএম।






