ইউরোপীয় কমিশনে বড় ধরনের সাইবার হামলা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনের অভ্যন্তরীণ মানবসম্পদ (এইচআর) ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কর্মীদের কোনো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না বা এর পেছনে কারা জড়িত, তা এখনও খতিয়ে দেখছেন ইইউ সাইবার বিশেষজ্ঞরা। শেনজেনে চীন, রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের মুহূর্তে ইউরোপীয় সংস্থাটি সাইবার হামলার শিকার হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইইউভিত্তিক সংবাদমাধ্যম ইউরোনিউজ।
প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কয়েক দিন ধরে কমিশনের কর্মকর্তারা তাদের অভ্যন্তরীণ মানবসম্পদ প্ল্যাটফর্ম ‘সিসপার’-এ প্রবেশ করতে পারছিলেন না। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কর্মকর্তারা বেতনের তথ্য দেখা, ছুটি ও অসুস্থতাজনিত ছুটির আবেদন, টাইমশিট জমা দেওয়া এবং প্রশিক্ষণের জন্য নিবন্ধনের কাজ করে থাকেন। সিসপার প্ল্যাটফর্মটি পুনরায় চালু হয়। কিন্তু জয়েন্ট সিকনেস ইন্সুরেন্স স্কিম (জেএসআইএস) তখনও অচল ছিল বলে জানান ওই কর্মকর্তা।
সিস্টেমে এই সাময়িক বিঘ্ন ছাড়া বেশিরভাগ সরকারি কর্মকর্তাই শুরুতে বুঝতে পারেননি যে, প্ল্যাটফর্মগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে। বর্তমানে ইইউর প্রতিষ্টানগুলোর সাইবার নিরাপত্তা পরিষেবা সংস্থা সার্ট-ইইউ এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে বলে ইইউ কর্মকর্তাদের কাছে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়নি। এ ছাড়া ইউরোনিউজের মন্তব্যের অনুরোধে কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেওয়া হয়নি।
কমিশনের ডিজিটাল বিষয়ক মুখপাত্র থমাস রেগনিয়ার সাংবাদিকদের বলেন, ‘তদন্ত এখনও চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। কমিশনের সামগ্রিক কর্মীদের ওপর প্রভাব ফেলতে পারে এমন কোনো ডেটা লঙ্ঘনের প্রমাণ আমরা এখনও পাইনি।’
রেগনিয়ার আরও জানান, এই আক্রমণটি একটি সর্বজনীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে চালানো হয়েছে। গত ২২ অক্টোবর এটি প্রথম শনাক্ত হয় এবং সেদিনই তা নিশ্চিত করা হয়। এ ছাড়া কমিশনের কাছে কোনো র্যানসমওয়্যার (মুক্তিপণ) দাবি করা হয়নি।
ইউরোপীয় কমিশনের জন্য সাইবার হামলার ঘটনা অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে কমিশনের ওয়েবসাইটগুলো হোস্টকারী ক্লাউড ইফস্ট্রাকচার হ্যাক হয়েছিল। সেই ঘটনায় ব্যক্তিগত তথ্য ও ইমেইলের বিষয়বস্তুসহ প্রায় ৯১ দশমিক ৭ গিগাবাইট ডেটা চুরি হয়ে যায়। গত জানুয়ারিতে কমিশনের কেন্দ্রীয় মোবাইল-ডিভাইস অবকাঠামো লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ইউরোপীয় কমিশনের কর্মীদের নাম ও ফোন নম্বর ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
(2)-6182f1.jpg)






