২০২৭ সালে বিশ্বজুড়ে অস্থিরতার পূর্বাভাস দ্য ইকোনমিস্টের

২০২৭ সাল বিশ্বরাজনীতি, প্রযুক্তি, ব্যবসা, স্বাস্থ্যসেবা ও পরিবেশের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইরান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি, সরকারি ঋণের ক্রমবর্ধমান চাপ ও চরম আবহাওয়া, নানা ঘটনা নতুন করে সাজাতে পারে বিশ্বব্যবস্থাকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বার্ষিক পূর্বাভাস ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড ২০২৭’-এ আগামী বছর বিশ্বকে প্রভাবিত করতে পারে এমন ১০টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।
প্রকাশনাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতির জন্য অন্যতম কঠিন সময় হয়ে উঠতে পারে। প্রধান ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে মার্কিন রাজনীতির অস্থিতিশীলতা, তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের বিস্তার, উন্নত দেশগুলোর ঋণসংকট, মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিণতি এবং জলবায়ুগত অভিঘাত।
বিশ্লেষকেরাও আন্তর্জাতিক অস্থিতিশীলতা বৃদ্ধি, বৈশ্বিক আর্থিক বাজারে নতুন চ্যালেঞ্জ, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা এবং ইউরোপীয় ইউনিয়নে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেন। একই সময়ে বিশ্বকে ইরানের সঙ্গে যুদ্ধের পরিণতি, সারের ঘাটতি, খাদ্যনিরাপত্তার ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে হতে পারে।
বিশেষ সংখ্যাটির সম্পাদক টম স্ট্যান্ডেজ মনে করেন, আগামী বছর নতুন এক রাজনৈতিক পর্বের সূচনা হতে পারে। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমেই ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক ও আর্থিক ধাক্কা আসন্ন বলে মনে হচ্ছে। এআই নিয়েও অস্থিরতা প্রায় নিশ্চিত। এ প্রযুক্তির প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনরোষও বাড়তে পারে।
সাদা, কালো ও লাল রঙের সমন্বয়ে তৈরি প্রকাশনাটির গোলাকৃতির প্রচ্ছদেও বিশ্বের বর্তমান অস্থিরতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর প্রতীকী চিত্র ফুটে উঠেছে।
ট্রাম্প-পরবর্তী যুগের সূচনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তবে উত্তরসূরি নির্বাচনের আগপর্যন্ত ট্রাম্প নিষ্ক্রিয় হয়ে থাকবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং নিজের প্রভাব ধরে রাখা ও রাজনৈতিক উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি আরও সক্রিয় হয়ে উঠতে পারেন।
-b09cf2.jpg)
এ সময় আরও নির্বাহী আদেশ, আইনি বিরোধ, আকস্মিক নাম পরিবর্তন, বড় নির্মাণ প্রকল্প ও সামরিক অভিযানের মতো ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কেমন হবে, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা জোরদার হবে।
ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব
ইরানকে ঘিরে চলমান সংঘাতের সুস্পষ্ট সমাধান এখনো অনিশ্চিত, যার প্রভাব ২০২৭ সালজুড়ে অনুভূত হতে পারে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করা হচ্ছে; মিত্রদের মধ্যে ওয়াশিংটনের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে এবং প্রতিপক্ষের কাছে মার্কিন সামরিক অবস্থান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
যুদ্ধের পরিণতিতে আঞ্চলিক রাজনীতির সমীকরণ ও জ্বালানি সরবরাহের পথ বদলে যেতে পারে। পাশাপাশি সারসংকটের কারণে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরে ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করতে পারে।
আবারও ইতিহাসের উষ্ণতম বছর
২০২৭ সাল রেকর্ডকৃত ইতিহাসের উষ্ণতম বছরগুলোর একটি হতে পারে। একটি ‘সুপার এল নিনো’ পরিস্থিতি আরও উষ্ণ ও অস্থিতিশীল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যার ফলে খরা, তাপপ্রবাহ, দাবানল ও চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে। কার্বন নিঃসরণ দ্রুত কমানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মজার বিষয় হলো, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ডোনাল্ড ট্রাম্পের নীতিই উল্টোভাবে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট। নবায়নযোগ্য জ্বালানি কেবল জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপায় নয়, বৈশ্বিক জ্বালানিবাজারের অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার পথও হতে পারে।
এআইয়ের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া বৃদ্ধি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া ২০২৭ সালে আরও বাড়তে পারে। এআই প্রতিষ্ঠানগুলোর জটিল ও অস্বচ্ছ চুক্তির মাধ্যমে বিপুল ঋণ নেওয়ার প্রবণতা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া আরও উন্নত এআই মডেল ব্যবহার করে সাইবার হামলার ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে।
এআই সরবরাহব্যবস্থার রাজনৈতিক ঝুঁকি নিয়েও উদ্বিগ্ন থাকবে বিভিন্ন কোম্পানি ও সরকার। তবে চাকরি হারানোর ভয় কিংবা ডেটা সেন্টারের বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে যে উদ্বেগ রয়েছে, তার পেছনে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই বলে মনে করে সাময়িকীটি।
ইউরোপে ডানপন্থি জনতুষ্টিবাদের উত্থান
বিশ্বজুড়ে ডানপন্থী জনতুষ্টিবাদের (পপুলিজম) যে উত্থান চলছে, ২০২৭ সালে তার বিশেষ কেন্দ্রবিন্দুতে থাকবে ফ্রান্স। দেশটির ডানপন্থি দল ন্যাশনাল র্যালির নেতা মারিন ল্য পেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা রয়েছে।
ল্য পেন ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম চালিকাশক্তি ফ্রান্স ও জার্মানির সম্পর্কের গতিপথ বদলে যেতে পারে। একই সঙ্গে ঋণগ্রস্ত ফ্রান্সের নাজুক সরকারি অর্থব্যবস্থা নিয়েও উদ্বেগ বাড়বে।
বন্ডবাজারে তীব্র চাপ
শুধু ফ্রান্স নয়, বিশ্বের বিভিন্ন দেশের বন্ডবাজারও আগামী বছর বড় চাপের মুখে পড়তে পারে। সরকারি ব্যয়ের অপচয়, এআই অবকাঠামো নির্মাণে অতিরিক্ত বিনিয়োগ এবং জ্বালানির উচ্চমূল্যের কারণে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে।
এতে উন্নত দেশগুলোর সরকারের ঋণ নেওয়ার ব্যয় বাড়ছে। উচ্চ সুদের হার কোম্পানি ও সাধারণ পরিবারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে না পারায় ২০২৭ সালে বড় কোনো অর্থনৈতিক পরিবর্তন বা সংকট দেখা দিতে পারে।
তাইওয়ানকে ঘিরে চীনের সময়সীমা
প্রযুক্তির উন্নতি যুদ্ধের ধরন বদলে দিয়েছে; ইউক্রেন ও ইরানের ক্ষেত্রে দেখা গেছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে তুলনামূলক ছোট শক্তিও পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। প্রচলিত ধারণা অনুযায়ী, তাইওয়ান দখলের সম্ভাব্য অভিযানের জন্য চীনের সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।
যুক্তরাষ্ট্র যখন অন্য সংকটে ব্যস্ত, তখন চীন তাইওয়ান নিয়ে কোনো পদক্ষেপ নেবে নাকি ২০২৮ সালের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে আগামী দুই বছর তাইওয়ান প্রণালি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
ওজেম্পিক ও ওজন কমানোর ওষুধের প্রভাব
ওজন কমানোর ওষুধ (যেমন ওজেম্পিক) কেবল মানুষের শরীরের ওজনই কমাচ্ছে না, বদলে দিচ্ছে ভোক্তাদের আচরণও। এসব ওষুধ ব্যবহার করে ওজন কমানো অনেকেই নতুন করে পোশাক, প্রসাধনী ও শরীরচর্চার পেছনে অর্থ ব্যয় করছেন। একে বলা হচ্ছে ‘রিভেঞ্জ শপিং’।
এসব ওষুধের সাফল্য দীর্ঘায়ু বাড়ানোর চিকিৎসা নিয়েও ওষুধ কোম্পানিগুলোর আগ্রহ বাড়িয়েছে। ফলে ২০২৭ সালে স্বাস্থ্য খাতের পাশাপাশি ভোক্তাবাজারেও এর প্রভাব আরও স্পষ্ট হবে।
কম খরচে মহাকাশে যাত্রা
স্পেসএক্সের বিশালাকৃতির রকেট ‘স্টারশিপ’ আগামী বছর নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে পারে। একই সঙ্গে চীনের রকেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোও পুনর্ব্যবহারযোগ্য রকেটের বুস্টার প্রযুক্তি প্রদর্শন করতে পারে। মহাকাশে যাওয়ার খরচ কমে এলে বেসরকারি মহাকাশ স্টেশন এবং কক্ষপথে ডেটা সেন্টার তৈরির পথ আরও সহজ হয়ে উঠবে।
হলিউডের পুনরুজ্জীবন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজি
‘স্টার ওয়ার্স’ সিরিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে মূল চলচ্চিত্রটি পুনরায় মুক্তি পাবে এবং নতুন একটি চলচ্চিত্রের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে নতুন করে জনপ্রিয় করার চেষ্টা করা হবে। পর্দায় ফিরছে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজ ও নতুন জেমস বন্ড।
তবে ইউটিউবারদের তৈরি স্বল্প বাজেটের সিনেমার সাফল্যের পর দর্শকেরা বড় বাজেটের পুরোনো ফ্র্যাঞ্চাইজির বাইরে নতুন কিছু চান কি না, সেই প্রশ্নও উঠছে। তবু ছোট ও সস্তা যুদ্ধযানের কাছে পরাশক্তির পরাজয়, বেপরোয়া রোবট এবং তথ্য চুরির মতো বিষয়গুলোর কারণে ২০২৭ সালে ‘স্টার ওয়ার্স’-এর গল্প বাস্তবের সঙ্গে আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।
(2)-6182f1.jpg)




