logo

সামরিক পাইলট থেকে মহাকাশচারী, পাকিস্তানের জিশান আলীর ইতিহাস গড়ার নেপথ্যে

সামরিক পাইলট থেকে মহাকাশচারী, পাকিস্তানের জিশান আলীর ইতিহাস গড়ার নেপথ্যে
এআই দ্বারা তৈরি প্রতীকী ছবি।

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়েছেন পাকিস্তানের সামরিক পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছেন ৪০ বছর বয়সি এই উইং কমান্ডার। এর মধ্য দিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হয়েছেন তিনি।

পাকিস্তান বিমানবাহিনীর সামরিক পাইলট থেকে মহাকাশচারী হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না। দীর্ঘ প্রশিক্ষণ, কঠিন বাছাইপ্রক্রিয়া, শারীরিক ও মানসিক সক্ষমতার পরীক্ষা এবং চীনা ভাষা শেখার মধ্য দিয়ে প্রস্তুত হতে হয়েছে তাকে। প্রায় এক সপ্তাহের মহাকাশ অভিযানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত গবেষণায় অংশ নেবেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ অভিযানে অংশ নিতে জিশান আলীকে মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাজ করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা সহযাত্রীদের সঙ্গে মান্দারিন ভাষায় যোগাযোগের প্রশিক্ষণ নিতে হয়েছে।

সামরিক পাইলট থেকে মহাকাশচারী

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন জিশান আলী। তার সঙ্গে রয়েছেন মহাকাশযানের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।

পাকিস্তান ও চীনের মধ্যে মহাকাশ সহযোগিতা চুক্তির মধ্য দিয়ে এই অভিযানের পথ তৈরি হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনের অভিযানে অংশ নিতে পাকিস্তানি নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণের বিষয়ে দুই দেশ চুক্তি করে।

এরপর পাকিস্তান বিমানবাহিনীর দুই পাইলট জিশান আলী ও খুররম দাউদ তিন ধাপের বাছাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যান। এ সময় তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং রকেট উৎক্ষেপণের সময় সৃষ্ট প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা যাচাই করা হয়।

গত এপ্রিল মাসে প্রশিক্ষণের জন্য তাদের দুজনকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শেনঝৌ-২৪ অভিযানের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন জিশান আলী। বিকল্প নভোচারী হিসেবে রাখা হয় খুররম দাউদকে।

বেইজিংয়ের চীনা নভোচারী প্রশিক্ষণ কেন্দ্রে মহাকাশযানের বিভিন্ন ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং তিয়াংগং মহাকাশ স্টেশনে দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ নেন জিশান। রকেট উৎক্ষেপণের সময় শরীরে সৃষ্ট প্রচণ্ড চাপের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ সেন্ট্রিফিউজ যন্ত্রেও অনুশীলন করতে হয়েছে তাকে।

এ ছাড়া চীনা নভোচারীদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়ে মহাকাশযানের কারিগরি ত্রুটি মোকাবিলা এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

মহাকাশযাত্রার জন্য শিখতে হয়েছে মান্দারিন

মহাকাশ অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল চীনের রাষ্ট্রভাষা মান্দারিন শেখা। মহাকাশযানে চীনা সহযাত্রীদের নির্দেশনা, কারিগরি পরিভাষা ও জরুরি যোগাযোগ বুঝতে এই ভাষায় দক্ষতা অর্জন করতে হয়েছে তাকে।

উৎক্ষেপণের আগে এক সংবাদ সম্মেলনে মান্দারিন ভাষায় কথা বলেন জিশান আলী। মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেনঝৌ-২৪ অভিযানকে ‘শেষ গন্তব্য নয়, বরং নতুন যাত্রার সূচনা’ হিসেবে উল্লেখ করেন এই পাকিস্তানি নভোচারী।

তার আশা, এই অভিযান চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। দুই দেশের অংশীদারত্ব শুধু একজন নভোচারী কিংবা একটি অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে যৌথ অভিযান বাড়বে এবং একসময় চাঁদ ও মঙ্গলসহ আরও দূরবর্তী মহাকাশে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

মহাকাশ থেকে প্রথমবার পৃথিবী দেখার অভিজ্ঞতা নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন জিশান। তিনি বলেছেন, মহাকাশ থেকে নিজের বাড়ির আলো খুঁজে দেখবেন।

পাকিস্তানের যেসব শিশু তাকে মহাকাশে যেতে দেখছে, তাদের উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।

জিশান আলীর ভাষায়, ‘মহাকাশে থাকা অবস্থায় যে শিশুরা আমাকে দেখছে, তাদের বলব আকাশের দিকে তাকাও। মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’

মহাকাশে কী করবেন জিশান আলী?

তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে বিভিন্ন যন্ত্রপাতি ও নমুনা স্থাপন, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং নভোচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন জিশান আলী।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনে (সুপারকো) দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০০টির বেশি গবেষণা প্রস্তাব জমা পড়েছিল। সেখান থেকে চারটি জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণা নির্বাচন করা হয়েছে।

এসব গবেষণার সঙ্গে খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের বিষয় জড়িত। পাশাপাশি মহাকাশে খাদ্য ও অক্সিজেন উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে পরীক্ষা চালানো হবে।

বিশেষ করে অণুশৈবাল বা মাইক্রোঅ্যালগি চাষের মাধ্যমে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া মহাকাশের পরিবেশে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা-ও পরীক্ষা করা হবে।

সুপারকোর তথ্য অনুযায়ী, তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন জিশান আলী। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন তিনি।

চীনা নভোচারীদের সাধারণত ছয় মাসের দায়িত্ব পালনের তুলনায় জিশানের অবস্থান হবে অনেক কম সময়ের। পরিকল্পনা অনুযায়ী, তিনি লাই কাইয়িং ও ঝাং ঝিউয়ানের সঙ্গে পৃথিবীতে ফিরবেন। অন্যদিকে তাদের আরেক সহযাত্রী ঝু ইয়াংঝু মহাকাশ স্টেশনে থেকে যাবেন। তার লক্ষ্য মহাকাশে টানা এক বছর অবস্থান করা।

মহাকাশে প্রথম পাকিস্তানি কে?

জিশান আলীর আগে ২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের একটি সাব-অরবিটাল ফ্লাইটে অংশ নিয়ে মহাকাশ ভ্রমণ করেছিলেন পাকিস্তানি অভিযাত্রী নামিরা সেলিম। তিনিই মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক।

তবে জিশান আলীর অভিযান আলাদা গুরুত্ব বহন করছে। কারণ, তিনি পৃথিবীর কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী।

এ অভিযানের মাধ্যমে পাকিস্তানের গবেষকেরাও নিজেদের বিশ্ববিদ্যালয়ে তৈরি বৈজ্ঞানিক গবেষণা মহাকাশের পরিবেশে পরিচালনার সুযোগ পাচ্ছেন। দেশটির মহাকাশ গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মহাকাশ গবেষণায় নতুন যুগের প্রত্যাশা

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ার পর গত ২৩ এপ্রিল ইসলামাবাদে জিশান আলী ও খুররম দাউদের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি এই অভিযানকে পুরো জাতির জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করেন।

একই সঙ্গে এ অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানে মহাকাশ গবেষণার নতুন যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং। দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ মহাকাশ সহযোগিতার সম্ভাবনাকেও স্বাগত জানান শেহবাজ শরিফ।

স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তি নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের সহযোগিতা এবার মানববাহী মহাকাশ অভিযানের পর্যায়ে পৌঁছেছে। চীনের জন্যও এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দেশটির মানববাহী মহাকাশ কর্মসূচিতে এই প্রথম কোনো বিদেশি নভোচারী অংশ নিচ্ছেন।

জিশান আলীর এই মহাকাশযাত্রা শুধু পাকিস্তানের জন্য নতুন ইতিহাস নয়, বরং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় চীন-পাকিস্তান সহযোগিতারও নতুন অধ্যায়।

তথ্যসূত্র: গালফ নিউজ, সিজিটিএন

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট