সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

এশিয়া পোস্ট নিউজ
সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি (৩ডি) বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সঙ্গে এগুলোর নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

সরকার এই বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেছে এবং নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব/সচিব, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।