বিমানবন্দরে হারানো ৩ বছরের শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল আনসার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দরে হারানো ৩ বছরের শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল আনসার
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া মো. জিসান নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে আনসার সদস্যরা।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের ক্যানপি-২ এলাকায় ঘটনাটি ঘটে। কুমিল্লা থেকে মায়ের সঙ্গে আসা শিশু জিসান অসাবধানতাবশত ভিড়ের মধ্যে হারিয়ে যায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান বলেন, কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. আলতাফ হোসেন ও এপিসি মো. জগলুল পাশা ক্যানপি-২ এলাকায় শিশুটিকে একা কাঁদতে দেখে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদ হেফাজতে নিয়ে বিমানবন্দরের বিভিন্ন স্থানে মাইকিং এবং অনুসন্ধানের মাধ্যমে অভিভাবকের সন্ধান শুরু করেন।

তিনি বলেন, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে শিফট ইনচার্জ (পিসি) মো. মোজাম্মেল হোসেন ও ডিউটি সিকিউরিটি অফিসারকে (ডিএসও) অবহিত করা হয়। এক পর্যায়ে শিশুটির মাকে শনাক্ত করা হলে প্রয়োজনীয় তথ্য ও পরিচয় যাচাই-বাছাই শেষে আনসার সদস্যরা শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।

দীর্ঘ উদ্বেগের পর সন্তানকে ফিরে পেয়ে শিশুটির মা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা উপস্থিত যাত্রী ও সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।