আড়াই বছরের শিশু উদ্ধার করল লালবাগ থানা পুলিশ

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে পাঁচ দিনের মধ্যে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহযোগিতায় বেগুনবাড়ি এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার পর লালবাগ থানার শেখ সাহেব বাজার রোড এলাকায় নিজ বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু রাব্বি। পরে বেলা সোয়া ২টার দিকে ঘুম থেকে উঠে শিশুটিকে ঘরে দেখতে পান না তার মা শিউলি আক্তার। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে একই দিন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে লালবাগ থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশু রাব্বিকে উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।





