স্বরাষ্ট্রমন্ত্রী হাল জামানার মুফতি, তার থেকেই ফতোয়া নেব: শাহজাহান চৌধুরী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামি দল কি না, সে বিষয়ে ফতোয়া দেওয়ার দায়িত্ব কোনো মন্ত্রীর নয়; বরং দলটির শতবর্ষের ইতিহাসই তার পরিচয় বহন করে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আালোচনায় অংশ নিয়ে জামায়াতের এই সদস্য এসব কথা বলেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন একটি নতুন কথা চালু হয়েছে যে ফতোয়া নিতে আর মাদ্রাসায় যেতে হবে না, কারণ ফতোয়া এখন সংসদ থেকেই দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে এখন বলতেছে হাল জামানার মুফতি তিনি.... আরেকটা বললাম না.... আলিফ, বা, তা জানেন না। আমরা ফতোয়া নিতে আর হাটহাজারী যাব না, পটিয়া যাব না, লালবাগেও যাব না। জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।’
জামায়াতে ইসলামীর ইতিহাস তুলে ধরে শাহজাহান চৌধুরী দাবি করেন, দলটি গণতান্ত্রিক আন্দোলন, ইসলামি মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ইসলামের ওপর আঘাত এলে জামায়াতে ইসলামী সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। ইসলাম ও মানুষের অধিকারের প্রশ্নে দলটি সবসময় প্রতিবাদ করেছে। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের লক্ষ্য।
সংসদ সদস্য আরও বলেন, নির্বাচনের আগেও জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল এবং এখনও সেই লক্ষ্যেই কাজ করছে।






